


গণেশ মজুমদার,কালনা: বৃহস্পতিবার কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় ভোটপ্রচারে গিয়ে নাম বাদ যাওয়া ভোটারদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। কেন বাদ দেওয়া হল, প্রার্থীর কাছে জানতে চান নাম বাদ যাওয়া ভোটাররা। কীভাবে আবার নাম তোলা যাবে সেব্যাপারে গেরুয়া শিবিরের প্রার্থীর কাছে সদুত্তর চান মতুয়া অধ্যুষিত এলাকার বাসিন্দারা। বেগতিক বুঝে ‘সবই তৃণমূলের চক্রান্ত। আমরা এবিষয়ে আদালতে যাব’ বলে দায় এড়িয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে অন্যত্র প্রচারে চলে যান। এনিয়ে বিজেপিকে তোপ দেগেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
কালনা বিধানসভার সাতগাছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর পুর্ণলক্ষ্মীতলা, দিঘিরপাড়, রামকৃষ্ণপল্লি, সুভাষপল্লি, জিউধারা এলাকা মতুয়া অধ্যুষিত। গত পঞ্চায়েত ভোটে এইসব এলাকায় বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। স্বাভাবিক কারণে বিজেপির বড় ভোটব্যাঙ্ক এইসব গ্রাম। এদিন কালনা বিধানসভার বিজেপির প্রার্থী সিদ্ধার্থবাবু সুভাষপল্লি, রামকৃষ্ণপল্লি ও জিউধারা বাজার এলাকায় কর্মীদের নিয়ে ভোটপ্রচারে যান। রামকৃষ্ণপল্লিতে প্রচারের সময় কয়েকজন বৃদ্ধ ও গৃহবধূ প্রার্থীকে কাছে পেয়ে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এলাকার বাসিন্দাদের দাবি, বহু বছর ধরে তাঁরা ভোট দিয়ে আসছেন। কিন্তু, এবার ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা রিনা মণ্ডল, কনক বারুই ও রানি বারুই বলেন, কয়েক বছর ধরে লোকসভা, পঞ্চায়েত থেকে বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে আসছি। এবার দেখছি আমাদের নাম নেই। কেন নাম বাদ গিয়েছে, তার কোনো সদুত্তর পাচ্ছি না। কীভাবে ফের নাম তোলা যাবে, তা জানতে পারছি না। আমারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। কোন যুক্তিতে আমাদের নাম বাদ গিয়েছে বুঝতে পারছি না। ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ায় রাজ্য সরকারের বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।
বিজেপি প্রার্থী সিদ্ধার্থবাবু বলেন, সবই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। আমরা এবিষয়ে আদালতে যাব। সকলকে বলেছি, ফর্ম-৬ জমা করুন। প্রচারে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার জয় নিশ্চিত।
তৃণমূলের সাতগাছিয়া অঞ্চল সভাপতি তারক সরকার বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। বাবা- মায়ের নাম থাকলেও সন্তানদের নাম নেই। আবার সন্তানদের নাম থাকলেও বাবা-মায়ের নাম বাদ গিয়েছে। ভাইয়ের নাম থাকলেও দাদার নাম বাদ যাওয়ার উদাহরণ রয়েছে। গণতান্ত্রিক ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধায় সুপ্রিম কোর্টে গিয়েছেন। আমরা একজনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মেনে নেব না। আমরা প্রচারে বিষয়গুলি তুলে ধরছি। মানুষের প্রচুর সাড়া পাচ্ছি।