নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের আবেদন মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে তাঁকে যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। উলটে, এখনও কেন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়েই বিষ্ময় প্রকাশ করেছে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলীর বেঞ্চ। রাজ্য সরকারের ভূমিকাকেও ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত। শুনানির পর্যবেক্ষণে বিচারপতি অরবিন্দ কুমারের মন্তব্য, একজন ব্যক্তি পুরো সিস্টেমকে উপহাস করে রেখে দিয়েছেন। আর সরকার কিছুই করছে না!
বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত হলেও প্রশান্ত বর্মন বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পান। তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাইকোর্ট আগাম জামিনের নির্দেশ খারিজ করে প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। মামলা সুপ্রিম কোর্টে পৌঁছলে, গত ২৩ জানুয়ারি একই নির্দেশ দেয় শীর্ষ আদালত।
তবে গত মে মাসে নিউ টাউন এলাকায় এক পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু এই মামলার সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার সংশ্লিষ্ট কাগজপত্র নিম্ন আদালতে সময় মতো না পৌঁছানোয় তিনি জামিন পেয়ে যান। সেই থেকে প্রশান্ত বর্মন ফেরার। মামলা হাইকোর্টে উঠলে আদালত আত্মসমর্পণের জন্য প্রশান্তকে ৪৮ ঘণ্টা সময় দেয়। আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হবে বলেও জানিয়ে দেয়। কিন্তু আত্মসমর্পণ তো দূর, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রশান্ত বর্মন। এদিন তা শুনানির জন্য উঠতেই রাজ্য সরকার, পুলিশের প্রবল সমালোচনা করেছে আদালত।



