Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজালিতে জেটিঘাট চালু হচ্ছে না কেন, প্রশ্ন নিত্যযাত্রীদের

শিলান্যাসের পর সরকারি অনুমোদন নিয়ে রাজ্য ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে টালবাহানা। শেষে ২০২৪ সালে শুরু হয়েছিল পুজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজীব জেটিঘাটের কাজ।

পুজালিতে জেটিঘাট চালু হচ্ছে না কেন, প্রশ্ন নিত্যযাত্রীদের
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: শিলান্যাসের পর সরকারি অনুমোদন নিয়ে রাজ্য ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে টালবাহানা। শেষে ২০২৪ সালে শুরু হয়েছিল পুজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজীব জেটিঘাটের কাজ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কয়েক কোটি টাকা ব্যয়ে তা শেষও হয়। কিন্তু তারপর ৯ মাস হয়ে গেল, এখনও জলপথে পুজালি থেকে গঙ্গার অপর পাড় উলুবেড়িয়াতে যাওয়ার কংক্রিটের জেটিঘাট খুলে দেওয়া হয়নি। এনিয়ে সরব হয়েছেন পুজালি, বজবজ, সাতগাছিয়ার হাজার হাজার বাসিন্দা।

Advertisement

এলাকাবাসীদের দাবি, দ্রুত এই জেটিঘাট খোলার ব্যবস্থা হোক। কারণ বর্ষা এসে গিয়েছে। এদিকে, জলপথে এখনও ভুটিভুটিতে করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে রোজ। যে কোনো সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। নতুন সরকারের কাছে এই দাবি জানিয়েছেন অশোক দত্ত, সুবল জানা, দিগম্বর মণ্ডল, নিতাই দাস, মালতি বিশ্বাসের মতো নিত্যযাত্রীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে একটি ভুটভুটি উল্টে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর থেকে কংক্রিটের জেটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় এখানে ভেসেল চালানো হবে। উলুবেড়িয়ার দিকের জেটিঘাট তৈরির কাজ এক বছর আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু পুজালির দিকে হচ্ছিল না। এখন কাজ শেষ হলেও তা চালু না হওয়ার জন্য পরিবহণ দপ্তরের দিকেই আঙুল তুলেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে জেটি চালু না হলে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন তাঁরা।    

Advertisement
সম্পর্কিত সংবাদ