নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার রাস্তায় সিসি ক্যামেরা নেই! ‘হিট অ্যান্ড রান’-এর একটি ঘটনায় রাজ্যের এমন বক্তব্যে রীতিমতো বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট কলকাতা পুলিসের যুগ্ম কমিশনারের(ক্রাইম) রিপোর্টও তলব করেছে।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার রাস্তায় সিসি ক্যামেরা নেই! ‘হিট অ্যান্ড রান’-এর একটি ঘটনায় রাজ্যের এমন বক্তব্যে রীতিমতো বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট কলকাতা পুলিসের যুগ্ম কমিশনারের(ক্রাইম) রিপোর্টও তলব করেছে।
গত বছর ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে বেপরোয়া গতির একটি গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মারা যান ওই বাইক আরোহী। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বেহালা এসবিআই মোড়ের মতো ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটলেও কোনও সিসি ক্যামেরা ফুটেজ জোগাড় করতে পারেনি পুলিস। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। সোমবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ডায়মন্ডহারবার রোডের ওই অংশে কোনও সিসি ক্যামেরা নেই। অন্য জায়গা থেকে যে ফুটেজ মিলেছে, তা থেকে কিছু স্পষ্ট করা যায়নি। দু’জন তদন্তকারী অফিসার বদল করা হয়েছে।’ রাজ্যের এই বক্তব্য শুনেই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘বেহালা তো ভাঙড়ের মতো দু’দিন আগে যুক্ত হয়নি! তাহলে কেন রাস্তায় সিসি ক্যামেরা থাকবে না? সিস্টেম আপগ্রেড না করে কেন তাহলে আরও এলাকা কলকাতার সঙ্গে যুক্ত করছেন?’ এর পরেই বিচারপতির মন্তব্য, ‘আমার বিশ্বাস ওখানে সিসি ক্যামেরা রয়েছে। কুলতলিতে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু বেহালায় সিসি ক্যামেরা নেই, এটা কীভাবে হয়?’ এ বিষয়ে কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ক্রাইম)-এর কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই কেন, তার ব্যাখ্যা দিতে হবে তাঁকে। ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।