Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যানহোলে পড়ে উধাও আস্ত গোরু, তিন ঘণ্টা পর ২০০ ফুট দূরে উদ্ধার, হলদিরামে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা, মেট্রো রেলের অভিযান

চোখের সামনেই ঘটেছিল ঘটনা। ঢাকনা খোলা ম্যানহোলের গর্তে পড়ে গিয়েছিল আস্ত গোরু! উদ্ধার করতে দ্রুত মাঠে নামে ট্রাফিক পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে মেট্রো রেল।

ম্যানহোলে পড়ে উধাও আস্ত গোরু, তিন ঘণ্টা পর ২০০ ফুট দূরে উদ্ধার, হলদিরামে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা, মেট্রো রেলের অভিযান
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চোখের সামনেই ঘটেছিল ঘটনা। ঢাকনা খোলা ম্যানহোলের গর্তে পড়ে গিয়েছিল আস্ত গোরু! উদ্ধার করতে দ্রুত মাঠে নামে ট্রাফিক পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে মেট্রো রেল। কিন্তু, গোরু কোথায়! ম্যানহোলের ভিতরে কিছুই নেই! আস্ত গোরু উধাও! তারপর আড়াই-তিন ঘণ্টার টান টান অভিযান। শেষে দেখা মিলল ম্যানহোলের ভিতরেই। তবে, যেখানে পড়েছিল, সেখান থেকে প্রায় ২০০ ফুট দূরে! হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল সে। ম্যানহোলের গর্ত দিয়ে পড়ে গেলেও সেখান দিয়ে বের করা সম্ভব হয়নি। তাই মূল রাস্তায় যান চলাচল বন্ধ করেই কংক্রিটের ঢাকনা খুলে উদ্ধার হল সেই গোরু। বৃহস্পতিবার বিকেলে এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং। অবলা জন্তুর প্রাণ বাঁচানোয় মানবিক পুলিশ ও উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তখন দুপুর আড়াইটে থেকে পৌনে ৩টে। ব্যস্ত ভিআইপি রোডে গাড়ির চাপ। এয়ারপোর্ট থেকে কলকাতামুখী ভিআইপি রোডের ধারে ডিভাইডারে রয়েছে ম্যানহোল। সেখানে মেট্রো রেলের কাজও চলছে। নেশাড়ুরা সেখান থেকেই ম্যানহোলের একটি ঢাকনা খুলে নিয়ে চম্পট দিয়েছে। সেই খোলা ম্যানহোল দিয়েই একটি গোরু নীচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন কৈখালি ট্রাফিক গার্ডের অফিসার ও পুলিশকর্মীরা। দ্রুত খবর দেওয়া হয় মেট্রো রেল, দমকল দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও। ম্যানহোলের ভিতরে উদ্ধারকারী দল ঢোকে। কিন্তু, সেখানে গোরু ছিল না! ওই ম্যানহোল হলদিরাম থেকে চিনারপার্কের দিকে ঘুরেছে। তাই উদ্ধারকারী দলও ম্যানহোলের ভিতর থেকে হাঁটতে শুরু করে। প্রায় ৬০-৬৫ মিটার হেঁটে যাওয়ার পর উদ্ধারকারীরা দেখতে পান, গোরুটি হেঁটে সেখানে চলে গিয়েছে। ম্যানহোলের মুখ ছোট্ট। পড়ে গেলেও ওই মুখ দিয়ে গোরু তোলা সম্ভব হয়নি। তাই আনা হয় হাইড্রা মেশিন। এয়ারপোর্ট থেকে চিনারপার্কগামী রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়। সেখানে ম্যানহোলের উপর রয়েছে কংক্রিটের লম্বা লম্বা বড় প্লেট। সেই একটি প্লেট সরিয়ে গোরুটিকে সেখানে দাঁড় করানো হয়। ততক্ষণে আশপাশে প্রচুর লোক। গোরু তো কিছুতেই দাঁড়াবে না। তার উপর গোরুর শরীরে জড়ানো হচ্ছে চওড়া বেল্ট। গুঁতো খেয়েও কাজ করে পুলিশ। তারপর সেই বেল্টের সাহায্যেই হাইড্রা মেশিন দিয়ে তোলা হয় কয়েক মন ওজনের গোরুটিকে! তারপর রাস্তায় শুরু হয় যান চলাচল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ