Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

টিআরপি তালিকায় জিতল কারা?

সাপ্তাহিক রেজাল্ট অর্থাৎ টিআরপির উপর ইদানীং টেলিভিশন ধারাবাহিকের ভাগ্য নির্ভর করে। চলতি সপ্তাহে হাসি ফুটল কাদের মুখে? এই সপ্তাহের সেরার শিরোপা পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’।

টিআরপি তালিকায় জিতল কারা?
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সাপ্তাহিক রেজাল্ট অর্থাৎ টিআরপির উপর ইদানীং টেলিভিশন ধারাবাহিকের ভাগ্য নির্ভর করে। চলতি সপ্তাহে হাসি ফুটল কাদের মুখে? এই সপ্তাহের সেরার শিরোপা পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। বিগত কয়েক মাস ধরেই রায়ান পারুলের দুষ্টু-মিষ্টি সমীকরণ দর্শকদের ড্রয়িংরুমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই আত্মবিশ্বাস পর্দার ‘রায়ান’ অর্থাৎ উদয় প্রতাপ সিংয়ের গলাতেও। ৩১তম বার ‘বেঙ্গল টপার’ হওয়ার পরেও অবশ্য পুরো কৃতিত্ব তিনি ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলীবৃন্দ এবং সর্বোপরি দর্শকদের দিয়েছেন। তবে টিআরপিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায়, ‘পর্দার পেছনের মানুষদের দায়িত্ব অনেক বেশি, যাঁরা ধারাবাহিক নিয়ে ভাবছেন। ব্যবসায়িক দিক নিয়ে ভাবছেন, তাঁদের ভূমিকা অনেক বেশি। অভিনেতা হিসেবে টিআরপি ভালো হলে অবশ্যই খুব ভালো লাগে, ভবিষ্যৎ বোঝা যায় ধারাবাহিকের। অনুপ্রেরণা কাজ করে। কিন্তু টিআরপি ভালো বা খারাপের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।’ 

Advertisement

গত সপ্তাহে পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘তারে ধরি ধরি মনে করি’ প্রথম স্থানে থাকলেও এই সপ্তাহে ‘পরিণীতা’র একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তৃতীয় স্থানে স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। সম্প্রতি তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিক পা দিল ৪০০ পর্বে। বর্তমানে জি বাংলার বেশ কিছু ধারাবাহিকের সম্প্রচার সময় আধঘন্টা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫ মিনিট, সেক্ষেত্রে টিআরপি তালিকায় কিছু অদল বদল বেশ লক্ষণীয়।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর সাময়িক থমকে গেলেও ফের ছন্দে ফিরেছে টেলিভিশন। তবে রাহুলের মর্মান্তিক মৃত্যু শ্যুটিংয়ে নিরাপত্তাজনিত ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ধারাবাহিকে শ্যুটিংয়ের সময় কতটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়? উদয় বললেন, ‘আমরা শ্যুটিংয়ে কখনো নিরাপত্তার অভাব করিনি। আমাদের ইচ্ছার বিরুদ্ধে কখনো জোর করা হয়নি।’ আপাতত নিজের কাজে ফোকাস করতে চান সকলে। ভোট, আইপিএল আর টেলিভিশনের একাধিক ধারাবাহিবকের সময় পরিবর্তনের জেরে এই সপ্তাহে টিআরপি তালিকার নম্বর কমেছে সব ধারাবাহিকেরই। এমন সরগরম পরিবেশে আগামী সপ্তাহে বাংলা টেলিভিশনের ধারাবাহিকেরা টিআরপি দৌড়ে, স্থান দখলের লড়াইতে কে থাকবে এগিয়ে, এখন সেটাই দেখার।
আরাত্রিকা চক্রবর্তী

সম্পর্কিত সংবাদ