Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুর কার? মহারণে তিন শিক্ষক

কোতুলপুরে এবারও দেখা যাবে তিন স্কুল শিক্ষকের লড়াই। কোতুলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম এই তিন দলেরই প্রার্থীরা স্কুলে শিক্ষকতা করেছেন।

কোতুলপুর কার? মহারণে তিন শিক্ষক
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে এবারও দেখা যাবে তিন স্কুল শিক্ষকের লড়াই। কোতুলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম এই তিন দলেরই প্রার্থীরা স্কুলে শিক্ষকতা করেছেন। তাঁদের মধ্যে সিপিএমের প্রার্থী রামচন্দ্র রায় অবসরপ্রাপ্ত শিক্ষক। বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার ও তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার বর্তমানে হাইস্কুলে শিক্ষকতা করেন। অর্থাৎ, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তিন প্রার্থীর কর্মজীবন স্কুলের গণ্ডিতেই কেটেছে। তাই এবারের ভোটের ময়দানে তিন শিক্ষকের লড়াই বেশ উপভোগ্য হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনজনেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। 

Advertisement

সিপিএম প্রার্থী রামচন্দ্র রায় বলেন, কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল দুই দলের কার্যকলাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। রান্না গ্যাসের দাম বেড়েই চলেছে। চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কাটমানির রাজত্ব চলছে। মানুষ এর পরিবর্তন চাই। প্রচার কর্মসূচিতে দারুণ সাড়া পাচ্ছি। বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষ এই সরকারের শুধু চুরি আর দুর্নীতির কথা শুনেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কোতুলপুরের মানুষ ইভিএমে তার জবাব দেবে। আমরা ক্ষমতায় এলে প্রথমেই স্বচ্ছ নিয়োগে জোর দেব। রাজ্য থেকে দুর্নীতি হটাব। জনসংযোগের মাধ্যমে মানুষকে সেই কথাই বোঝাচ্ছি। 
হরকালীবাবু বলেন, সাধারণ মানুষ উন্নয়ন দেখে ভোট দেয়। বিপদে আপদে যারা পাশে থাকে, তাদেরই আপন করে নেয়। সেই হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মানুষের জন্য কিছু না কিছু প্রকল্পের সুবিধা দিচ্ছেন। সর্বশেষ জনমোহিনী প্রকল্প যুবসাথীর সুবিধা পেয়ে যুবদের মনেও জোড়া ফুলের জোয়ার তৈরি হয়েছে। তাই আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, কোতুলপুরে বিধানসভা নির্বাচনে বরাবরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর দৌড়ে শিক্ষকরাই এগিয়ে থাকেন। ২০১৪ সালে উপনির্বাচনে সিপিএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিন দলেরই প্রার্থীরা ছিলেন স্কুল শিক্ষক। ২০২১ সালেও তিন দলের মধ্যে দু’জন শিক্ষক এবং অপরজন স্কুলের শিক্ষাকর্মী ছিলেন। এবারেও তিন দল থেকেই তিন শিক্ষককে প্রার্থী করা হয়েছে। তৃণমূল প্রার্থী হরকালীবাবুর বাড়ি জয়পুরের জগন্নাথপুর এলাকায়। তিনি তালডাংরা ব্লক এলাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২০২১ সালে বিজেপির টিকিটে কোতুলপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। পরে তিনি তৃণমূলে আসেন। এবার তৃণমূল তাঁকে প্রার্থী করেছে। বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার হুগলির খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষক। ২০১৪সালে কোতুলপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি ওই সময় তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার কাছে পরাজিত হয়েছিলেন। এবারেও বিজেপি তাঁকে প্রার্থী করেছে। সিপিএম প্রার্থী রামচন্দ্রবাবু কোতুলপুরের দারাপুর-সাগরমেজে হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। ২০২২ সালে তিনি অবসর নেন। ভোটের ময়দানে তিনি এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ, কোতুলপুরের মানুষ আবারও তিন শিক্ষকের রাজনৈতিক লড়াই দেখতে পাবে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ