Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিযায়ীদের ভোট কোন দিকে? উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে চর্চা

পরিযায়ী শ্রমিকদের ভোট এবার কোন দিকে গেল? উত্তর ২৪ পরগনায় বিভিন্ন প্রান্তে এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ, এবারের নির্বাচনে ভিন রাজ্যে কর্মরত বহু শ্রমিক বাড়ি ফিরে ভোট দিয়েছেন। সেটা ফলাফলে বড়সড় প্রভাব ফেলবে।

পরিযায়ীদের ভোট কোন দিকে? উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে চর্চা
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিযায়ী শ্রমিকদের ভোট এবার কোন দিকে গেল? উত্তর ২৪ পরগনায় বিভিন্ন প্রান্তে এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ, এবারের নির্বাচনে ভিন রাজ্যে কর্মরত বহু শ্রমিক বাড়ি ফিরে ভোট দিয়েছেন। সেটা ফলাফলে বড়সড় প্রভাব ফেলবে।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক লক্ষ পরিযায়ী শ্রমিক এবারে ভোট দেওয়ার জন্য ফিরেছিলেন বাড়িতে। তাঁদের বড় অংশই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ণ গ্রামাঞ্চল থেকে বহু মানুষ বছরের অধিকাংশ সময় কাটান ভিন রাজ্যে। কেউ নির্মাণ শ্রমিক, কেউ কারখানার কর্মী, কেউ বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত।
হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া, দেগঙ্গা ও সন্দেশখালির গ্রামগুলিতে গত কয়েক দিনে ট্রেন-বাসে চেপে ফিরেছেন বহু শ্রমিক। অনেকে পরিবার নিয়ে কয়েক দিনের জন্য গ্রামে থেকেছেন, আবার কেউ কেউ ভোট দিয়েই দ্রুত কাজে ফিরে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, এত লোক একসঙ্গে ফিরেছে, এমন দৃশ্য অনেকদিন দেখা যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, এই ভোটারদের আচরণ নির্ধারণ করা সহজ নয়। গত কয়েক বছরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে অনেক শ্রমিককে। কখনও মজুরি নিয়ে অনিশ্চয়তা, কখনও নিরাপত্তার প্রশ্ন। সর্বোপরি, ভিনরাজ্যে বাংলা বলায় তাঁদের বাংলাদেশি তকমাও দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কখনও আটকে রাখা, আবার কখনও বা মারধরের ঘটনাও সামনে এসেছে। ফলে, পরিযায়ী শ্রমিকদের সেই ক্ষোভ জমে রয়েছে। সেই ক্ষোভের কারণেই পরিযায়ী শ্রমিকদের ভোট তৃণমূলের দিকে আসবে বলেই আশাবাদী জোড়াফুল শিবির। সব মিলিয়ে, উত্তর ২৪ পরগনায় এবারের নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের ভোট এক গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠেছে। প্রায় এক লক্ষ ভোটারের রায় কোন দিকে গেল, তার উপর নির্ভর করতে পারে একাধিক আসনের ফলাফল। এখন অপেক্ষা গণনার।

Advertisement
সম্পর্কিত সংবাদ