Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটবল বিশ্বকাপ কোথায় দেখবে মানুষ? জানতে কেন্দ্রকে চিঠি এসএফআইয়ের

বাংলা এবং দেশের নাগরিকরা ফুটবল বিশ্বকাপ কোথায় দেখবেন? কেন এখনও পর্যন্ত তা ঠিক হল না? কেন্দ্রের ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে জানতে চাইল বাম ছাত্র সংগঠন এসএফআই।

ফুটবল বিশ্বকাপ কোথায় দেখবে মানুষ? জানতে কেন্দ্রকে চিঠি এসএফআইয়ের
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা এবং দেশের নাগরিকরা ফুটবল বিশ্বকাপ কোথায় দেখবেন? কেন এখনও পর্যন্ত তা ঠিক হল না? কেন্দ্রের ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে জানতে চাইল বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘বিশ্বগুরু নরেন্দ্র মোদী, মেলোডিকে গিয়ে চকোলেট খাওয়াচ্ছেন। কিন্তু ভারতের মানুষ পৃথিবীর সবথেকে বড়ো স্পোর্টস ইভেন্ট দেখতে পাবেন না? আমরা জানতে চাইছি, কোথায় সমস্যা হচ্ছে?’

Advertisement

বিষয়টির সুরাহা করে প্রসার ভারতীকে দূরদর্শন, ডিডি স্পোর্টসে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবি জানিয়েছে এসএফআই। দু’দিন ধরে সংগঠনের রাজ্য কমিটির বৈঠক হয়েছে। বৈঠক শেষে এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রশ্ন তোলেন, ‘কেন এখনও রাজ্যে শিক্ষামন্ত্রী নেই।’ এর পাশপাশি ইদের পরেরদিন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন ফেলারও বিরোধিতা করেন তিনি। যত দ্রুত সম্ভব স্কলারশিপের কাজকর্ম শুরু করার দাবিও তোলা হয়েছে। গত সরকারের আমলে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছিল বামেরা। সরকার বদল হওয়ার পর দেবাঞ্জন বললেন, ‘এই সরকারের কাছে স্পষ্ট দাবি, যত দ্রুত সম্ভব ছাত্র নির্বাচন করতে হবে। এই নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক মন তৈরি করে। মূল্যবোধ তৈরি করে।’ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্য সম্পাদক সৃজন দেব। তিনি সেই রাজ্যে বিজেপির আমলে শিক্ষাব্যবস্থার অবনতির বিষয়ে সরব হন। রাজ্যকমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্পাসে সর্বশক্তি দিয়ে এবিভিপির মোকাবিলা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ