নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলা বা কমিশনারেট এলাকায় ভোটারদের মনোবল বাড়ানোর (কনফিডেন্স বিল্ডিং মেজার) প্রক্রিয়া কতবার করা হচ্ছে, সেই তথ্য প্রতিদিন আপলোড করার নির্দেশ দিল রাজ্য পুলিশের শীর্ষমহল। এই নির্দেশ কেউ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য কমিশন এই কাজে গুরুত্ব দিয়েছে। প্রতিটি জেলার পুলিশ সুপার ও কমিশনারদের কাছে নির্দেশ গিয়েছে, জেলাশাসকদের সঙ্গে যৌথভাবে ভিজিট করতে হবে এলাকায়। কথা বলতে হবে সাধারণ ভোটারদের সঙ্গে। তাঁদের জিজ্ঞাসা করতে হবে, তাঁরা কোনো ভয় বা হুমকির সম্মুখীন হচ্ছেন কি না। কমিশনের কাছে অভিযোগ এসেছে, একাধিক জেলায় এই নিয়ম মানা হচ্ছে না। প্রতিদিন যৌথ অভিযান হচ্ছে না পুলিশের। বিষয়টি নিয়ে রীতিমতো অসন্তুষ্ট কমিশন। তাই এই নিয়ম যথাযথভাবে পালন করার নির্দেশ এসেছে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের কাছে। এরপরই রবিবার এডিজি (আইনশৃঙ্খলা)-এর তরফে লিখিত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সমস্ত জেলা ও কমিশনারেট এলাকায় নিয়মিত ‘কনফিডেন্স বিল্ডিং মেজার’ প্রক্রিয়া চালাতে হবে। যৌথ ভিজিটে থাকবেন জেলাশাসকরা। কোথায় কোন এলাকায় যৌথ ভিজিট হয়েছে, তার তথ্য প্রতিদিন জানাতে হবে। সেই সঙ্গে আপলোড করতে হবে এলাকায় ঘোরার ছবি। নির্দেশ পাওয়ার পর রবিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন জেলা রিপোর্ট পাঠানো শুরু করেছে বলে খবর।



