Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

অনুদানে পাওয়া অ্যাম্বুলেন্স ও টেম্পো কোথায়? প্রশ্নের মুখে কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি

অনুদানে পাওয়া অ্যাম্বুলেন্স ও টেম্পো কোথায়? প্রশ্নের মুখে কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: রামমন্দিরের পর বদ্রীনাথ-কেদারনাথ! তীর্থযাত্রীদের সুরক্ষার স্বার্থে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি)-কে দান করা একাধিক গাড়ির বর্তমান অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কেন্দ্রে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং একটি টেম্পো ট্রাভেলার। অভিযোগ, এই তিনটি গাড়িই বদ্রীনাথে নেই।গাড়িগুলি কোথায়, সেই উত্তর নেই বিকেটিসির শীর্ষ কর্তাদের কাছেও। সূত্রে খবর, ২০১৮ সালে আধুনিক চিকিৎসা-সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স বিকেটিসি অনুদান হিসাবে পায়। পরে দেবস্থানম বোর্ড গঠনের সময় আরও একটি হাই-টেক অ্যাম্বুলেন্স দান করা হয়। আসলে এই মন্দিরের যাত্রাপথ মোটেও সহজ নয়। পদে পদে বিপদ। তীর্থ যাত্রীদের সুবিধার স্বার্থেই এই অ্যাম্বুলেন্স দান করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ভক্তদের স্বার্থে দান করা হলেও অ্যাম্বুলেন্স দুটিকে কখনও নিয়মিতভাবে বদ্রীনাথে পরিষেবা দিতে দেখা যায়নি। এছাড়া ২০১০ সালে জ্যোতির্মঠ পীঠের প্রয়াত শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজের দান করা একটি টেম্পো ট্রাভেলার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ওই গাড়িটি বদ্রীনাথ বাসস্ট্যান্ড থেকে মন্দিরের কাছে অসহায়, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহারের কথা ছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেটি প্রশাসনিক ও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। চলতি বছরের জুন মাসে গাড়িটি দেরাদুনে আধিকারিক ও কর্মীদের যাতায়াতের জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেটি কোথায় রয়েছে, তা নিয়েও স্পষ্ট তথ্য নেই। অভিযোগের বিষয়ে বিকেটিসির মুখ্য নির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গড় বলেন, দান করা অ্যাম্বুলেন্সগুলির বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। টেম্পো ট্রাভেলার সম্পর্কে তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি দেরাদুনে আনা হয়েছিল। বর্তমানে কোথায় রয়েছে, তা যাচাই করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ