Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট ও মালদহ বিমানবন্দরে কবে উড়ান চালু, প্রশ্ন চাঁচলের বিধায়কের

বালুরঘাট ও মালদহ বিমানবন্দরে উড়ান পরিষেবা চালুর সময় জানাতে সরকারের প্রতি দাবি তুললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন।

বালুরঘাট ও মালদহ বিমানবন্দরে কবে উড়ান চালু, প্রশ্ন চাঁচলের বিধায়কের
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: বালুরঘাট বিমানবন্দর কবে চালু হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করুক সরকার। এই দাবি তুললেন মালদহের চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, শুধু রাজ্য বাজেটে ঘোষণা নয়, গৌড়বঙ্গের মানুষ জানতে চান ঠিক কবে থেকে উড়ান পরিষেবা চালু হবে।

Advertisement

সম্প্রতি রাজ্য বাজেটে পুরুলিয়া, মালদহ ও বালুরঘাট বিমানবন্দরের উন্নয়ন এবং উড়ান পরিষেবা চালুর কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বালুরঘাট ও মালদহ বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও কেন এখনও পরিষেবা চালু হয়নি। তাঁর দাবি, প্রয়োজন হলে আগের নির্মাণকাজের তদন্ত করা হোক। কেন্দ্রের প্রতিনিধি দল একাধিকবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করলেও উড়ানের ছাড়পত্র মেলেনি। পালাবদলের পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক বিদ্যুত্ কুমার রায় সহ জনপ্রতিনিধিরা উদ্যোগী হয়েছেন। বর্তমানে দুই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের পরেই উড়ান পরিষেবা চালু করা সম্ভব বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে পরিকাঠামো নির্মাণের প্রয়োজন হলে, আগের কাজ পরিকল্পনামাফিক হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসূন। তাঁর দাবি, কোনো অনিয়ম হয়ে থাকলে রাজ্য সরকারের তদন্ত করা উচিত। গৌড়বঙ্গে দ্রুত উড়ান পরিষেবা চালুর দাবিতে তিনি বিধানসভায় সরব হয়েছেন। প্রসূন বলেন, গৌড়বঙ্গ যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে রয়েছে। সরকার স্পষ্ট করে জানাক, কবে উড়ান পরিষেবা চালু হবে, যাত্রীরা কীভাবে টিকিট পাবেন এবং আর কতদিন অপেক্ষা করতে হবে। প্রয়োজনে আমি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাব।
এবিষয়ে বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় স্তরে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বিমানবন্দর নির্মাণে অনিয়মের কারণেই এতদিন পরিষেবা শুরু করা যায়নি। দ্রুত উড়ান পরিষেবা চালু করতে রাজ্য সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ