নয়াদিল্লি, ১৪ আগস্ট: হঠাৎ মাঝ আকাশ থেকে ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সেই ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস জানিয়েছে, প্রায় চার সেকেন্ডের জন্য বিমানের গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল অকার্যকর হয়ে পড়েছিল। কার্যত চার সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছিল বিমানটি। একই সময়ে বিমানের তিনটি হাইড্রলিক সিস্টেমই বন্ধ হয়ে যায়।
গত ৪ আগস্ট এয়ার ইন্ডিয়ার এয়ার বাস এ৩২০ বিমানটি ফুকেত থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ আকাশে হঠাৎ বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। ঘটনায় ২০ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী আহত হন। তাঁদের মধ্যে ১৭ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। ওই বিমানে মোট ১৩৭ জন যাত্রী ছিলেন। এয়ার টার্বুলেন্সের সময় পাইলট ককপিটে ছিলেন না এমন তথ্য সামনে এসেছিল। সূত্রের খবর, পাইলট সেইদিন গাঁজা সেবন করে বিমানে উঠেছিলেন। সেই ভিত্তিতে দিল্লিতে বিমান অবতরণের পরই পাইলটের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পর ফের পরীক্ষা করা হলে দ্বিতীয় পরীক্ষায় গাঁজা সেবনের স্পষ্ট প্রমাণ মেলে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে ডেকে পাঠানো হয়েছিল।