চেন্নাই: লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল নিয়ে তামিলনাড়ুর অবস্থান কী? এই নিয়ে শুক্রবার বিধানসভায় বাদানুবাদে জড়াল ক্ষমতাসীন টিভিকে এবং বিরোধী দল ডিএমকে। স্ট্যালিনের দলের অভিযোগ, আসন পুনর্বিন্যাস নিয়ে তামিলনাড়ুর অবস্থান ‘লঘু’ করে ফেলছেন মুখ্যমন্ত্রী বিজয়। সম্প্রতি কেন্দ্রের ওই বিলের বিরোধিতা করে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ হয়। তাতে সমর্থন জানিয়েছিল ডিএমকেও। ওই প্রস্তাবে বলা হয়, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়ানো যাবে না। ওই সংখ্যা ‘ফ্রিজ’ থাকবে। কিন্তু বৃহস্পতিবার সাদার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লোকসভার আসন সংখ্যা ‘ফ্রিজ’ রাখার কোনো উল্লেখই করেননি বলে অভিযোগ ডিএমকের। এদিন বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন বিধানসভায় বলেন, ‘লোকসভার আসন সংখ্যা ৫৪৩-এ ফ্রিজ রাখার জন্য টিভিকে সরকার এই বিধানসভায় একটি প্রস্তাব পাশ করলেও, মুখ্যমন্ত্রী সাদার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে ফ্রিজ শব্দটির ব্যবহারই করেননি। উনি তামিলনাড়ুর অবস্থান লঘু করে ফেলেছেন।’ শাহের সঙ্গে বৈঠকে বিজয় জানিয়েছেন, লোকসভায় কোনো রাজ্যের প্রতিনিধিত্ব যাতে না কমে, তার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারাটা দক্ষিণ ভারতের রাজ্যগুলির কৃতিত্ব। তার জন্য প্রতিনিধিত্ব কমানোর মতো ‘শাস্তি’ দেওয়া যায় না। এক্ষেত্রে সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যের কথা বলা হয়েছে, তা যেন মেনে চলা হয়। কিন্তু, ওই বৈঠকে বিজয় তামিলনাড়ুর হয়ে যথেষ্ট সরব হননি বলেই অভিযোগ উদয়নিধির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তামিলনাড়ুর মন্ত্রী অধব অর্জুন। তিনি বলেন, ‘আসন পুনর্বিন্যাসের বিষয়ে আমাদের সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বরং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, ডিএমকে নিজেদের অবস্থান বারবার বদলে ফেলে। ডিএমকে আগে ৫৪৩ আসন ‘ফ্রিজ’ রাখার বিষয়ে রাজি ছিল না।



