পরামর্শে পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নীলাদ্রি সরকার।
পরামর্শে পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নীলাদ্রি সরকার।
ক্যান্সার: শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে ক্যান্সার হয়। এই বৃদ্ধি পাওয়া কোষ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এটি জিনগত পরিবর্তনের কারণেও হতে পারে। পরিবেশগত কারণ ও জীবনযাত্রার ভুল থেকেও হতে পারে। এই অসুখে শরীরে টিউমার তৈরি হয় ও শরীরের স্বাভাবিক কাজ বাধাপ্রাপ্ত হয়। ক্যান্সার কোনওভাবেই সংক্রামক অসুখ নয়।
অ্যালঝাইমার্স: এই অসুখে মগজের কোষে অস্বাভাবিকভাবে বিশেষ প্রোটিন জমা হতে থাকে। ধীরে ধীরে মস্তিষ্কের এই কোষগুলি নষ্ট হতে শুরু করে। স্মৃতি ঝাপসা হতে থাকে। অনেকেই এই রোগ সম্পর্কে বিস্তারিত না জেনেই রোগীর সান্নিধ্য এড়িয়ে চলেন। অথচ এই অসুখও সংক্রামক নয়।
ডাউন সিনড্রোম ও অটিজম: স্নায়ুর বিকাশজনিত ঘাটতি থেকে হয় এই অসুখ। কোনওভাবেই সংক্রামক নয়। অথচ এই দুই অসুখে ভুগছে এমন অনেক শিশুর সঙ্গেই অনেকে নিজের সন্তানকে মিশতে দেন না। এই ধারণা ঠিক নয়।
এগজিমা: এটি এমন এক চর্মরোগ যা সংক্রামক নয়। জেনেটিক ও পরিবেশগত কারণ এবং স্ট্রেস থেকে বাড়ে। কোনও ধরনের অ্যালার্জি, নির্দিষ্ট সাবান বা কাপড় ব্যবহার থেকেও হতে পারে। জীবনযাপনের পরিবর্তন করলে ও যে কারণে সমস্যাটি হচ্ছে সেটি এড়িয়ে চললে, এটি নিয়ন্ত্রণ করা যায়। এই অসুখে কেউ আক্রান্ত হলেও অনেকেই সেই ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করেন। তাঁর সঙ্গে বসে খান না, এড়িয়ে চলেন। এটাও ভুল ধারণা।
সোরিয়াসিস: এটি অটোইমিউন চর্মরোগ। সংক্রামক নয়। স্ট্রেস, ওবেসিটি সহ জেনেটিক নানা কারণে হয়। ত্বকের কোষগুলি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায়। ফলে লালচে শুষ্ক হয়ে আঁশযুক্ত ত্বকের খোসা উঠতে থাকে।
কুষ্ঠ: ব্যাকটেরিয়াজনিত রোগ মাইকোব্যাকটেরিয়াম লেপরে নামক ব্যাকটেরিয়া এই রোগের কারণ। ত্বক, পেরিফেরাল নার্ভ, উপরের শ্বাসতন্ত্র ও চোখ এই রোগে আক্রান্ত হয়। এই অসুখও সংক্রামক নয়। ঠিক সময়ে নিয়মিত চিকিৎসা করলে এই রোগ সম্পূর্ণ সেরে যায়। বরং পেটের অসুখ, সর্দিকাশি এসব সংক্রামক রোগ। কিন্তু রোগীর সংস্পর্শে এলে কুষ্ঠ ছড়ায় না।
অ্যাজমা: জিনগত কারণ ছাড়াও অ্যালার্জি, দূষণ, ধোঁয়া, ঠান্ডা আবহাওয়া, মানসিক চাপ ইত্যাদি কারণে শ্বাসনালিতে প্রদাহ হলে এই অসুখ বাড়ে। নিয়ম মেনে চলা, ইনহেলার ব্যবহার, অ্যাজমার ট্রিগার এড়িয়ে চলা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে থাকে। রোগটি সংক্রামক নয়। এছাড়া ছানি, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ সহ নানা রোগ আছে, যা মানুষের জীবনে সমস্যা ডেকে আনে তবে সংক্রামক নয়। আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা করলে নিয়ন্ত্রণে থাকে বা সেরে যায়।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়