মমতা জমানায় যোগ দেয়নি, পালাবদলের  পরই ক্রাই ম্যাক পোর্টালে যুক্ত পশ্চিমবঙ্গ, আন্তঃরাজ্য অপরাধের কিনারাই লক্ষ্য
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: গুরুতর অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য আদানপ্রদানের জন্য ভারত সরকারের চালু করা ক্রাইম মাল্টি এজেন্সি সেন্টার (ক্রাই ম্যাক) পোর্টালে যোগ দেয়নি মমতার দলের সরকার। তথ্য আদানপ্রদান না-হওয়ায় ভিন রাজ্যের অপরাধী অনায়াসে রাজ্যে লুকিয়ে থাকত। আবার রাজ্যে কোনো অপরাধ হলে অভিযুক্ত সহজেই অন্য রাজ্যে গিয়ে মাসের পর মাস আশ্রয় নিত। তথ্য ‘লিক’ হয়ে যাবে এই অজুহাতে ক্রাই ম্যাক পোর্টালে যোগ দেয়নি পূর্বতন সরকার। পালাবদলের পর এই পোর্টালে জুড়ল পশ্চিমবঙ্গ। এই মাধ্যমে তথ্য আদানপ্রদানের ফলে অপরাধের কিনারা এবং অপরাধী গ্রেপ্তার দ্রুত হওয়ার ব্যাপারে আশাবাদী পুলিশ কর্তারা। অপরাধের কিনারা ও বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে সমন্বয় বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রক একাধিক পোর্টাল এবং অ্যাপ চালু করে। পূর্বতন সরকার এগুলির কোনোটিতেই যোগ দেয়নি।  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন, এই পোর্টালের মাধ্যমে কেন্দ্র ডেটা চুরি করে নিতে চাইছে! এনিয়ে তখনই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। ক্রাই ম্যাকে যোগ না দেওয়ায় মমতা জমানার একাধিক পুলিশকর্তা অসন্তুষ্ট ছিলেন। তখনকার ক্ষমতাসীন লবির ভয়ে মুখ খোলার সাহস দেখাননি তাঁরা। এই পোর্টালের উদ্দেশ্য হল—রাজ্যগুলির মধ্যে রিয়েল টাইম তথ্য আদানপ্রদান। খুন, ডাকাতি, জঙ্গি কার্যকলাপের মতো ঘটনার ক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে দ্রুত তথ্য আদানপ্রদান ও সতর্ক করা সম্ভব। এই কারণে দুষ্কৃতীরা অপরাধ করে অন্য রাজ্যে পালিয়ে গেলেও তার পক্ষে বেশিদিন সেখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। আর আন্তঃরাজ্য লিঙ্ক রয়েছে এমন অপরাধের ক্ষেত্রে দুর্বৃত্তের বিষয়ে তথ্য দ্রুত একে অপরকে আদানপ্রদান করতে পারবে। 

Advertisement

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গই একমাত্র যোগ দেয়নি তৃণমূল আমলে। এই কারণে  আন্তঃরাজ্য সম্পর্ক রয়েছে এমন কোনো অপরাধ ঘটলে তার কিনারা করতে রীতিমতো লেজেগোবরে হতে হত পুলিশকে। কোনো কোনো পুলিশকর্তা ভিন রাজ্যের অফিসারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের খাতিরেই কিছু অপরাধের কিনারা করতেন। পালাবদলের পর নতুন সরকারের তরফে এই অ্যাপে যুক্ত হতে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তারপরই রাজ্য জুড়েছে এই প্ল্যাটফর্মে। সমস্ত জেলার কাছে নির্দেশ গিয়েছে, কোনো অপরাধ ঘটলে এবং আন্তঃরাজ্য লিঙ্ক থাকলে তথ্যাদি সঙ্গেসঙ্গেই এই অ্যাপে আপলোড করতে হবে। অভিযুক্তদের সম্পর্কে যাবতীয় তথ্য দেবে জেলাগুলি। অপরাধী ভিন রাজ্যের লোক হলে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে সমন্বয় করতে হবে, যাতে তাকে দ্রুত গ্রেপ্তার করা যায়।