Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১ বৈশাখ নয়, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও আসতে পারেন

রাজ্য মন্ত্রিসভা ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

১ বৈশাখ নয়, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস,  সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও আসতে পারেন
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগের সরকারের সিদ্ধান্ত মতো ১ বৈশাখ নয়, ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে এবার থেকে সরকারিভাবে পালিত হবে ২০ জুন দিনটি। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪৭ সালের এই দিনটিতে তৎকালীন অবিভক্ত বাংলার আইনসভায় বাংলাভাগ করে ভারতের মধ্যে ‘পশ্চিমবঙ্গ রাজ্য’ গঠনের প্রস্তাব পাশ হয়েছিল। বিজেপি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার দাবি জানিয়ে আসছে। দলীয় উদ্যোগে এই উপলক্ষ্যে অনুষ্ঠান করা হত। কেন্দ্রীয় সরকার কয়েকবছর আগে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেয়। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের লোকভবনে এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানও হত। কিন্তু রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ বৈশাখ দিনটিকে রাজ্য (বাংলা) দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। বিধানসভায় প্রস্তাব অনুমোদনের পর ২০২৩ সালের ৩০ ডিসেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তিতে কবিগুরু রচিত ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে দেওয়া হয় রাজ্য সংগীতের স্বীকৃতি। 

Advertisement

এদিন মন্ত্রিসভার বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়াত জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তথ্য সংস্কৃতি দপ্তর একটি বিশেষ কমিটি গঠন করবে। এই কমিটিতে মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন। ১৯০১ সালের ৬ জুলাই শ্যামাপ্রসাদবাবুর জন্ম হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকের পর দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল সাংবাদিক বৈঠকে আরো বলেন, এবছর ৬ জুলাই তাঁর একটি মূর্তিস্থাপনের জন্য ভূমিপুজো হবে। 
এবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস কীভাবে পালিত হবে, সেই ব্যাপারে এদিন সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে ২১ জুন সকালে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার কথা। ফলে তার আগের দিন, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীরও থাকার সম্ভাবনা দেখছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। ওইদিন হুগলি জেলার তারকেশ্বর বা কাছাকাছি কোথাও প্রধানমন্ত্রী একটি সভা করতে পারেন। পশ্চিমবঙ্গ গঠনে তারকেশ্বরের বিশেষ গুরুত্ব ছিল। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বরে হিন্দু মহাসভার সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের প্রথম প্রস্তাব নেওয়া হয়। পরের দিকে ১৯৪৭ সালের ২০ জুন রাজ্য বিধানসভা ভবনে পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের প্রস্তাব পাশ হয়। জানা গিয়েছে, সেখানেও পশ্চিমবঙ্গ দিবসের কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে।

সম্পর্কিত সংবাদ