নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় খালি অডিটোরিয়ামেই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান পালিত হল বামঘাঁটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শনিবার ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত হয় এই অনুষ্ঠান। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের অধিকর্তা স্বরূপপ্রসাদ ঘোষ। দুই বক্তাই পশ্চিমবঙ্গের ভারতভুক্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা করেন। কীভাবে বাংলায় মুসলমান বাড়ছে, হিন্দু কমছে, কেন মুসলমানরা হিন্দুদের চেয়ে আলাদা জাতি, সেসবও তাঁদের আলোচনায় উঠে আসে। তবে, খালি অডিটোরিয়াম দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বরূপবাবু। তিনি বলেন, সরকার বাহাদুর বলেছে বলে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আপনারা মেনে নিয়েছেন, মনে নেননি। এদিনের অনুষ্ঠান দেখে সেটা স্পষ্ট। অন্যদিকে, উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য নিজেকে ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ এবং ইতিহাস বা সমাজতত্ত্ব বিষয়ের একেবারেই বাইরের মানুষ দাবি করেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে দীর্ঘ মনোগ্রাহী বক্তৃতা দেন।



