সংবাদদাতা, রঘুনাথপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময়েও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সাপ্তাহব্যাপী রোলিং ব্লক চলবে। পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আজ, সোমবার থেকে আগামী ১৮ অক্টোবর রবিবার পর্যন্ত সপ্তাহব্যাপী ব্লক নির্ধারিত হয়েছে। ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলে পরিবর্তন করা হয়েছে। রেলের সিদ্ধান্তে বহু মানুষ সমস্যার সম্মুখীন হতে চলেছে।
রেলের তরফে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার আজ, সোমবার থেকে থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া–আসানসোল মেমু প্যাসেঞ্জার ১৫ এবং ১৭ অক্টোবর বাতিল করা হয়েছে। ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার আজ সোমবার ও ১৫ এবং ১৭অক্টোবর বাতিল থাকবে।
বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে থেকে জানানো হয়েছে, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার আজ, সোমবার এবং ১৫ ও ১৭ অক্টোবর পুরুলিয়া স্টেশন পর্যন্ত চলাচল করবে। সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। ওই দিনগুলিতে পুরুলিয়া-বরাভূম অংশে ট্রেন চলাচল বাতিল থাকবে। ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার আজ সোমবার এবং ১৬ ও ১৭ অক্টোবর পুরুলিয়া স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে পুরুলিয়া-টাটানগর অংশে ট্রেনটি বাতিল থাকবে। অন্যদিকে, ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার ১৫ এবং ১৭ অক্টোবর আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। এই সময়ে আদ্রা-আসানসোল অংশে ট্রেন বাতিল থাকবে। এছাড়া ১৮৬০১ টাটানগর–হাটিয়া এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। ১৫ অক্টোবর ট্রেনটি নির্ধারিত চাণ্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ি রুটের পরিবর্তে চাণ্ডিল-গুন্ডা বিহার-মুড়ি রুটে চলাচল করবে। ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস আজ, সোমবার এবং ১৫ ও ১৭ অক্টোবর প্রয়োজন অনুযায়ী যাত্রাপথে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত করা হতে পারে।পুজোর মুখে ট্রেন বাতিলের ঘোষণায় যাত্রীদের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, পুজোয় বিভিন্ন জায়গায় স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। অথচ আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল বাতিল করা হচ্ছে। জঙ্গলমহল এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা জন্য সরকারের তেমন সদিচ্ছা নেই। আদ্রা ডিভিশনের সাধারণ মানুষের অসুবিধা দেখার কেউ নেই।
আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট ট্রেনগুলির সর্বশেষ চলাচলের অবস্থা সম্পর্কে তথ্য জেনে নিন, যাতে যাত্রাপথে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। মানুষের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।



