নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ায় বসন্তকালে দক্ষিণবঙ্গে ভোর ও রাতের দিকে খুব হাল্কা শীতের অনুভূতি রয়েছে গত কয়েকদিন ধরে। তবে এই পরিস্থিতির তাড়াতাড়ি পরিবর্তন হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কাল শনিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি হবে। তবে এখনই সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছে যাবে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবারই পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির আশপাশে ছিল। সেখানে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ে কলকাতার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ৩.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা (২০.৮ ডিগ্রি) স্বাভাবিকের থেকে সামান্য কম ছিল। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে না। তাই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মতো অবস্থা নেই দক্ষিণবঙ্গে।



