নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, শনিবার ভ্যালেনটাইন ডে। কিন্তু ভালবাসার এই দিনে প্রিয়জনকে নিয়ে ঘোরার জন্য মনোরম আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি মাঝামাঝি চোখ রাঙাতে শুরু করেছে গরম। রাতে বা ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে অন্তত ১-২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আগামী কয়েকদিনেও চড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৫ ডিগ্রি কম। কিন্তু পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ২০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে আগামী সপ্তাহ থেকেই শীতের আমেজ সম্পূর্ণভাবে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিনে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১৭ ডিগ্রিতে। তবে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। ঘন কুয়াশা না থাকলেও মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।