Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরনে গেঞ্জি ও হাফ প্যান্ট, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল কাঁচরাপাড়ার বনিকে

পরনে স্যান্ডো গেঞ্জি, হাফপ্যান্ট। কোমরে দড়ি। কাঁচড়াপাড়ায় তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকে এভাবেই রাস্তায় ঘোরালো বিজপুর থানার পুলিশ।

পরনে গেঞ্জি ও হাফ প্যান্ট, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল কাঁচরাপাড়ার বনিকে
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পরনে স্যান্ডো গেঞ্জি, হাফপ্যান্ট। কোমরে দড়ি। কাঁচড়াপাড়ায় তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকে এভাবেই রাস্তায় ঘোরালো বিজপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি, অসামাজিক কাজে মদত দেওয়া, দাদাগিরির অভিযোগ রয়েছে। কার্যত একই ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। সেখানে তৃণমূলের দুই নেতা মন্টু রায় ও সন্টু সিংকে একইভাবে এলাকা পরিক্রমা করায় পুলিশ। ধৃতদের ওই অবস্থায় দেখে দুই জায়গাতেই রাস্তার ধারে ভিড় জমে যায়।

Advertisement

বৃহস্পতিবার বনিকে যখন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখন পিছন থেকে তাঁকে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয় বিজেপি কর্মীদের কাছ থেকে। এক মাস আগেও যিনি এলাকায় দাপটের সঙ্গে ঘুরেছেন, তাঁকে এই অবস্থায় দেখে হতবাক কাঁচরাপাড়াবাসী। বনি বলেন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। তাই এলাকাতেই ছিলাম। আর যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের দিন অভিজিৎ ওরফে বনি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের চোখে চোখ রেখে তর্ক করেছিলেন। ফলে এবার ভোটের আগে থেকেই তিনি টার্গেট ছিলেন। শনিবার রাতে মন্দারমণি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বারাকপুর আদালত তাঁকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিল। কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাবু কোয়ার্টার, নবীনপল্লি এলাকা বনির ডেরা বলে পরিচিত। কোয়ার্টারের ভিতরে থরে থরে সাজানো পুরসভার বালতি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এইসব বালতি বিক্রি করা হতো। এই অঞ্চলের কোয়ার্টার কে পাবেন, তা ঠিক করে দিতেন বনি। এমনকি, এই কোয়ার্টারে বনির মদতে অসামাজিক কাজও চলত। বনির দাবি, তৃণমূলের যে নেতারা চুরি করেছেন, তাঁরা পালিয়ে গিয়েছেন। তিনি চুরি করেননি। শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, কাঁচরাপাড়া জুড়েই ছিল বনির দাপট। 
এদিকে, ভাটপাড়াতেও তৃণমূলের দুই নেতাকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। এদিন ভাটপাড়ার তৃণমূল নেতা মন্টু রায় এবং সন্টু সিংকে হাফপ্যান্ট এবং গেঞ্জি পরিয়ে একইভাবে লোকালয়ে নিয়ে আসে পুলিশ। 
স্থানীয় সূত্রের খবর, এই দু’জন ভাটপাড়া পুরসভার প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল রাউতের ঘনিষ্ঠ বলেই পরিচিত। নির্বাচনের আগে গোপাল রাউতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মন্টু ও সন্টুর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি ও একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সোমবার এই দু’জনকে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। এদিন তাঁদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয় ভাটপাড়া এলাকায়। তাঁদের দেখতে রাস্তার দু’ধারে মানুষের ভিড় জমে যায়। এই ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ