Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হরমনপ্রীতদের সামনে দুর্বল হংকং

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানে চুরমার করলেও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েই গিয়েছে ভারতের।

হরমনপ্রীতদের সামনে দুর্বল হংকং
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানে চুরমার করলেও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েই গিয়েছে ভারতের। মহিলাদের এশিয়া কাপে বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে সেই দুর্বলতা কাটিয়ে ওঠাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। তার আগে হরমনপ্রীত কাউর ব্রিগেড নিজেদের যতটা সম্ভব গুছিয়ে নিতে চাইছে। 

Advertisement

থাইল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে দুই উইকেটে ১০১ রান তুলে ফেলেছিল ভারত। দুশো টপকানো সম্ভব কিনা, তা নিয়েই চলছিল চর্চা। কিন্তু এরপরই নামে ধস। মাত্র ২৯ রনে সাত উইকেট পড়ে যায়। টিম ইন্ডিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ করে ১৫৯ রানে। ক্যাপ্টেন হরমনপ্রীত ছাড়াও ব্যাট হাতে ব্যর্থ হন ভারতী ফুলমালি, রিচা ঘোষ, দীপ্তি শর্মারা। ওপেনার শেফালি ভার্মা ছাড়া কেউই পঞ্চাশ টপকাতে পারেননি। স্মৃতি মান্ধানা শুরুটা ভালো করেছিলেন। কিন্তু বড়ো রান আসেনি। চোটের জন্য এই আসরে খেলছেন না জেমাইমা রডরিগেজ। তাঁর পরিবর্তে তিন নম্বরে সুযোগ পেয়েছিলেন প্রতীকা রওয়াল। টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয় থাইল্যান্ড ম্যাচে। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ব্যাটিং নিয়ে তাই দুশ্চিন্তা থাকছেই। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে যাওয়া দুর্বল হংকংয়ের বিরুদ্ধে তাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ হরমনপ্রীতদের।
বোলিংয়ে অবশ্য তীক্ষ্ণ দেখাচ্ছে ভারতকে। থাইল্যান্ডের বিরুদ্ধে দীপ্তি কোনো রান না দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। মহিলাদের টি-২০ ক্রিকেটে তিনিই এখন সর্বাধিক উইকেটশিকারী। পেসার নন্দানি শর্মা নেন তিন উইকেট। স্পিনার শ্রী চরণিকেও দেখায় ছন্দে।
 ম্যাচ শুরু রাত ৮টায়। সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ