Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা সংগ্রামীর পরিবার আমাদের, ব্রিটিশের দালালের জ্ঞান শুনব না, গর্জন জাভেদের

বাংলা এবং সর্বভারতীয় রাজনীতির বেশকিছু চরিত্র দেখলে মনে আসে, ‘মেজাজটাই তো আসল রাজা!’ তপসিয়ার পার্টি অফিসে রিল্যাক্সড মুডে ফোনে কথা বলছিলেন জাভেদ খান।

স্বাধীনতা সংগ্রামীর পরিবার আমাদের, ব্রিটিশের দালালের জ্ঞান শুনব না, গর্জন জাভেদের
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা এবং সর্বভারতীয় রাজনীতির বেশকিছু চরিত্র দেখলে মনে আসে, ‘মেজাজটাই তো আসল রাজা!’ তপসিয়ার পার্টি অফিসে রিল্যাক্সড মুডে ফোনে কথা বলছিলেন জাভেদ খান। এ নিয়ে চতুর্থবার কসবার তৃণমূল প্রার্থী তিনি। বিশাল এলাকা। নিউ বানতলা-বানতলা থেকে শুরু করে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের একাংশ। সংলগ্ন ইএম বাইপাসের দু-পার। 

Advertisement

দেখে কে বলবে তপসিয়া-তিলজলার এই ‘অলিখিত বাদশা’কে চাপে রাখতে এই কেন্দ্রের ১০৮ এবং ১০৭ নং ওয়ার্ডে এনআইএ অফিসাররা ঘোরাঘুরি করছেন। কে বলবে, ৩ লক্ষ ১৭ হাজার ভোটারের এই কেন্দ্রে এসআইআরে বাদ গিয়েছে ৫০ হাজার নাম! কে বলবে, এলাকা দখলের লড়াইয়ে এই ‘বৃদ্ধ সম্রাটকে’ গত কবছর বেগ দিচ্ছে ১২ নং বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের বাহিনী। 
কনফিডেন্ট জাভেদ বললেন, ‘গতবারের ৬২ হাজারের লিড এবার টপকাব। আর সুশান্তের কথা বলছেন, ওকে তো দায়িত্বই দিয়ে দিয়েছি ১০৮-এ যা হবে, তুমি বুঝবে। তোমাকেই দায়িত্ব নিতে হবে। লোকে যাই বলুক না কেন, সুশান্ত খুব কাজের ছেলে। এই তো কিছুক্ষণ আগে কথা হল, বলল, দাদা সব ঠিক আছে।’ 
বলছিলেন, ‘সকালে চা-বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। এবার পার্টি অফিসে কিছুক্ষণ বসে টহল দেব। যখন ফিরব, ছেলে ফৈয়াজ বেরোবে। কথা  বলতে বলতেই খান সাহেবের ফোন বাজল। স্বভাবসুলভ প্রশ্ন, ‘সব ঠিক হ্যায় তো?’ সন্তোষজনক উত্তর পেয়ে ফের কথায় ফিরলেন। ‘১০০ বছরের বেশি সময়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছি। স্বাধীনতা সংগ্রামীর পরিবার আমরা। ‘ব্রিটিশের দালালদের’ (বিজেপি) কাছে জ্ঞান শুনব?’ এবার যেন একটু ‘গরম’ তপসিয়া-তিলজলার ‘শেষকথা’! ‘স্বাধীনতা সংগ্রামী ঠাকুরদা জি জে খান ১৯২৩ তৎকালীন টালিগঞ্জ কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। বাবা করিম বক্স খানও সক্রিয় রাজনীতি করতেন। অনিল মৈত্রের সহযোগী ছিলেন। যখন আমি এইটুকু, সুব্রত মুখোপাধ্যায় এই পার্টি অফিসেই থাকতেন। ৩৫ বছর ধরে রাজনীতি করছি। অনেক দেখেছি। আমাকে হারানো সোজা কথা নয়।’ 
খবর এল ‘দাদা, চিন্তার কিছু নেই। কয়েকটা মেশিন খারাপ হয়েছিল। আর বৃষ্টি নামায় একটু স্লো পোল হচ্ছে।’ অন্যদিকে, এবার ঘট ওলটাবে বলে দাবি করছেন বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। জাভেদ খানের পালটা দাবি, ‘মানুষের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে।’ -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ