নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা বালুরঘাট: গৌড়বঙ্গের তিন জেলায় বামেদের প্রার্থী তালিকায় নতুন প্রজন্মের ঢেউ। সঙ্গে আবেগের বিষয়টিও নজরে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা বালুরঘাট: গৌড়বঙ্গের তিন জেলায় বামেদের প্রার্থী তালিকায় নতুন প্রজন্মের ঢেউ। সঙ্গে আবেগের বিষয়টিও নজরে রাখা হয়েছে।
উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা আসনগুলিতে প্রার্থী হিসেবে রয়েছেন শ্রমিক নেতা, কলেজের কর্মী, আবার কেউ কেউ সরকারি চাকুরে। যাঁরা দলের হয়ে কাজ করলেও এতদিন আড়ালে ছিলেন। তবে, প্রার্থী ঘোষণার পর চনমনে বামফ্রন্টের নেতাকর্মীরা। তাঁদের দাবি, নবীন-প্রবীণ লড়াকুদের প্রার্থী হিসেবে বাছা হয়েছে। গৌড়বঙ্গের বিধানসভা আসনগুলির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই ভারসাম্যই বজায় রাখার চেষ্টা করেছে নেতৃত্ব।
উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা আসনের মধ্যে ৬ টিতে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। রায়গঞ্জ আসনে জীবানন্দ সিংহ, কালিয়াগঞ্জে হিরুবালা রায়, হেমতাবাদে তনুশ্রী দাস এবং ইটাহারে প্রার্থী সুদীপ্ত দাস। সেইসঙ্গে গোয়ালপোখরে ফরওয়ার্ড ব্লকের জুবের আলম এবং চাকুলিয়া আসনে আমজাদ আলি টিকিট পেয়েছেন। বাকি জেলার তিনটি বিধানসভা করণদিঘি, চোপড়া এবং ইসলামপুর আসনে এখনও প্রার্থী দেয়নি বামেরা। এ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, নতুন, পুরোনো সমন্বয় রেখে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দু’তিন দিনের মধ্যে বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে।
একইভাবে দক্ষিণ দিনাজপুরে প্রয়াত দুই বামনেতার ছেলেদের উপর বাজি ধরল বামফ্রন্ট। আরএসপির বিশ্বনাথ চৌধুরী টানা ৮ বারের বিধায়ক এবং ২৫ বছর মন্ত্রী ছিলেন। বালুরঘাট থেকে তাঁর ছেলে অর্ণব চৌধুরীকে এবার প্রার্থী করল দল। এদিকে কুশমণ্ডির আরএসপি নেতা নর্মদা রায় টানা সাতবারের বিধায়ক ছিলেন। তাঁর ছেলে জ্যোতির্ময় রায়কে এবার টিকিট দেওয়া হয়েছে। এই দু’টি ক্ষেত্রে প্রার্থীদের পরিবারের রাজনৈতিক ইতিহাস ও আবেগের বিষয়টি বিবেচনা করা হয়েছে। জেলার ছ’টি আসনের তিনটিতে আরএসপি এবং তিনটিতে সিপিএম প্রার্থী দিয়েছে। আরএসপির বালুরঘাটের প্রার্থী অর্ণব চৌধুরী, তপনের প্রার্থী বাপ্পাই হরো, কুশমণ্ডিতে জ্যোতির্ময় রায়। অন্যদিকে, সিপিএমের অভিজ্ঞ নেতা মোফাজ্জল হোসেনকে কুমারগঞ্জের প্রার্থী করেছে। সিপিএমের তরফে গঙ্গারামপুরে বিপ্লব রায় এবং হরিরামপুরে গৌতম গোস্বামীকে টিকিট দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরএসপির জেলা সম্পাদক সুচেতা বিশ্বাস এবং সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা বলেন,আমাদের ছয় প্রার্থী অভিজ্ঞ এবং স্বচ্ছ ভাবমূর্তির।
অন্যদিকে, মালদহে আইএসএফকে দু’টি আসন ছেড়ে লড়াই করছে সিপিএম। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মালদহের ১২ টির মধ্যে ৮টি আসনে প্রার্থী ঘোষণা করেন। যার মধ্যে ৬ টি আসনে সিপিএম ও বাকি দু’টিতে আরএসপি এবং সিপিআই প্রার্থী। সুজাপুর, মোথাবাড়ি আইএসএফের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পার্টিনেতা ও ইংলিশবাজারের প্রার্থী অম্বর মিত্র। হবিবপুর ও চাঁচলে প্রার্থী দেবে সিপিএম।
গাজোলের প্রার্থী ক্ষিতীশ সরকার, হরিশ্চন্দ্রপুরে সেখ খলিল, মালতিপুরে মনিরুল হোসেন, রতুয়াতে জহুর আলম, মানিকচকে দেবজ্যোতি সিনহা এবং ইংলিশবাজারের প্রার্থী অম্বর মিত্র। এছাড়াও মালদহ আসনে সিপিআই প্রার্থী দীপক বর্মন এবং বৈষ্ণবনগরের আরএসপির ধুন্দুবি সাহা।