সংবাদদাতা, বসিরহাট: চারদিকে জল থইথই করছে। সড়কের উপর দিয়ে বইছে জল। হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটু বৃষ্টি হলেই গোটা এলাকা জলাশয়ের আকার নেয়। গত ১৫ বছর ধরে তাঁরা প্রশাসনের দরজায় বহুবার দরবার করলেও কাজের কাজ কিছু হয়নি। প্রতিবাদে রাস্তার উপর জাল ফেলে মাছ ধরেছেন স্থানীয় মানুষ। ঘটনাটি ঘটেছে লেবুখালি বাস স্ট্যান্ড এলাকায়।
দু’দিনের বৃষ্টিতে হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় জল জমে বেহাল দশা হয়েছে। মূল সড়ক থেকে শুরু করে বাস স্ট্যান্ড, বাড়িঘর— সব জায়গাতেই থইথই জল। এলাকার মানুষ শুধু রাস্তায় নয়, বাড়ির উঠোনেও জাল ফেলে মাছ ধরতে নেমেছেন। তাঁদের অভিযোগ, তৃণমূলের আমলে এইসব এলাকার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। স্থানীয় লোকজন পঞ্চায়েত প্রধান, প্রাক্তন বিধায়ক সহ সব মহলে জানিয়েও সুফল পাননি।
তাঁরা বর্তমান বিধায়ক বিজেপির রেখা পাত্রকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছেন। স্থানীয় বাসিন্দা নয়ন মণ্ডল বলেন, অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এই এলাকায়। নিকাশির ব্যবস্থা তেমন নেই। বিধায়ক রেখা পাত্র এ প্রসঙ্গে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে
দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি। ধরা হচ্ছে মাছ।-নিজস্ব চিত্র