Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অল্প বৃষ্টিতেই মেদিনীপুর শহরে জমছে জল, নিকাশি নিয়ে উদ্বেগ

অল্প বৃষ্টি হলেই মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় জল জমছে। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন। বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি। তার আগেই মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

অল্প বৃষ্টিতেই মেদিনীপুর শহরে জমছে জল, নিকাশি নিয়ে উদ্বেগ
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অল্প বৃষ্টি হলেই মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় জল জমছে। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন। বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি। তার আগেই মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাওয়ায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বাসিন্দাদের কপালে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির পরই শহরের একাধিক এলাকায় রাস্তায় জল জমে থাকতে দেখা যায়। বিভিন্ন রাস্তায় জমে থাকা জল চলাচলে সমস্যা তৈরি করে। অফিস ফেরত মানুষজন, বাজার করতে বের হওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয়। শহরের বাসিন্দাদের একাংশের দাবি, প্রতি বছর একই সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। 
স্থানীয় বাসিন্দা চঞ্চল দাস বলেন, অল্প বৃষ্টিতেই বহু রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে টানা বৃষ্টি হলে কী হবে? নিকাশি নালাগুলি সময়মতো পরিষ্কার করা হয় না। প্রতি বছর একই সমস্যা হয়। এবারও বহু এলাকার মানুষকে ভুগতে হবে।
শহরবাসীর অভিযোগ, নতুন নতুন আবাসন তৈরি হওয়ার সঙ্গে জনবসতি বেড়েছে। কিন্তু, সেই হারে নিকাশি ব্যবস্থার উন্নতি হয়নি। ফলে বৃষ্টির জল বের হওয়ার জায়গা সংকীর্ণ হয়ে পড়ছে। একসময় যে খোলা জমি বা জলনিকাশের পথ ছিল, সেখানে এখন গড়ে উঠছে একের পর এক বহুতল বা আবাসন প্রকল্প। এর প্রভাব সরাসরি পড়ছে শহরের জলনিকাশির উপর।
প্রশাসনের একাংশও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সদর শহরগুলিতে দ্রুত নগরায়ণের ফলে নিকাশি ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনাহীন নগরায়ন এবং অপর্যাপ্ত পরিকাঠামো ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল। শহরের ১, ৩, ৯, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি সমস্যার অভিযোগ রয়েছে। বাসিন্দাদের দাবি, বহু এলাকায় নালা সংস্কার বা পরিষ্কারের কাজ হলেও এখনো স্থায়ী সমাধান অধরাই রয়ে গিয়েছে। ফলে বর্ষার আগে উদ্বেগ বাড়ছে।
যদিও পুরসভা কর্তৃপক্ষের দাবি, সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, নিকাশি ব্যবস্থা ঠিক করতে পুরসভা নানা কাজ করেছে। এরফলে অনেক এলাকায় এখন আর জল জমে না। এখনো কিছু এলাকায় সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলিও ধীরে ধীরে সমাধান করা হবে। কাজ চলছে। সদ্য নির্বাচিত বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা সব সমস্যার সমাধান করব। মানুষের ভরসার মান রাখব।

Advertisement
সম্পর্কিত সংবাদ