সংবাদদাতা, সিউড়ি: ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাস চলছে। অথচ এখনও শেষ হল না সিউড়ি শহরের আম্রুত ২ জল প্রকল্পের কাজ। আশ্বাস ছিল, ফেব্রুয়ারি মাসে কাজ শেষ করে উদ্বোধন করা হবে প্রকল্পের। পুরসভার দাবি, ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। যান্ত্রিক সমস্যার জন্য একটু দেরি হচ্ছে। তবে মাস খানেকের মধ্যেই কাজ শেষ হবে। তাহলে এবারও কি শহরের জল সমস্যা ভোটের ইস্যু হবে, চর্চা শুরু রাজনৈতিক মহলে। জেলা সদরে অন্যতম একটি বড় সমস্যা জল সংকট। প্রতিবছর ভোটের আগে শহরের জল সমস্যা নিয়ে শুরু হয় চর্চা। মেলে সমস্যা সমাধানের আশ্বাস। শহরবাসীর দাবি, শহরের জল কষ্ট নতুন নয়। প্রতিবছর এই নিয়ে সরব হয় বিরোধীরা। বছর দশেক আগে বিরোধীদের জল সংকট নিয়ে আক্রমণকে প্রতিহত করার জন্য শহরে এসে লিফলেট বিলি করেছিলেন খোদ ফিরহাদ হাকিম। জল সমস্যা নিয়ে একাধিকবার বিক্ষোভও হয়েছে শহরে। তারপরেই প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জল সমস্যা মেটানোর জন্য। সেই প্রকল্পের কাজ পেয়েছিল পুর ও কারিগরি দপ্তর। সেই কাজও শেষ হয়ে গিয়েছে। উদ্বোধন হয়েছে সেই জল প্রকল্পের। কিন্তু জল সমস্যার সমাধান সম্পূর্ণভাবে হয়নি বলে অভিযোগ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের জল সমস্যা দূরীকরণে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তাতে সমস্যা অনেকটাই কমেছে। কিন্তু তারপরেও ১, ২, ৩, ১৭, ১৯ সহ একাধিক ওয়ার্ডে আংশিক জল সমস্যা রয়েছে। তাই আম্রুত ২ প্রকল্পের মাধ্যমের শহরের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় এমইডি। পুরসভা আগে দাবি করেছিল, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই কাজ শেষ হবে। কিন্তু তা হয়নি।



