নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে মহানগরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন এই প্রকল্পের কথা। সেই অনুযায়ী কলকাতা শহরে ওয়াটার মেট্রো চালু করার জন্য আরও একধাপ এগল প্রশাসন। অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থা (আইডব্লুএআই) কলকাতায় ওয়াটার মেট্রোর বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির জন্য টেন্ডার ডেকেছে। জানা গিয়েছে, শালিমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার ১৬টি জেটি ছুঁয়ে ছুটবে ওয়াটার মেট্রো। কেরলের কোচিতে এই ধরনের প্রকল্প সাফল্যের সঙ্গে চালু হওয়ার পর দেশের আরও অনেক শহরে তা চালু করার জন্য তৎপরতা শুরু হয়েছে। কলকাতা দেশের মধ্যে ১৮তম শহর হিসাবে এই প্রকল্পে যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ওয়াটার মেট্রো প্রকল্পে কলকাতার যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। জাহাজ মন্ত্রক গোটা দেশে এই ওয়াটার মেট্রো প্রকল্পের ‘নোডাল মন্ত্রক’ হিসাবে কাজ করছে।
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি কলকাতার পাশাপাশি গুয়াহাটি ও শ্রীনগর শহরের ওয়াটার মেট্রোর ডিপিআর করার জন্য টেন্ডার ডেকেছে বলে সরকারি সূত্রে খবর। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গঙ্গার উপর থাকা ১৬টি জেটি ব্যবহার করে ছুটবে কলকাতার ওয়াটার মেট্রো। এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশন, শালিমার, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, আহিরীটোলা, শোভাবাজার, বাগবাজার, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর প্রভৃতি। কলকাতার গঙ্গায় এখন যে ভেসেলগুলি চলে, তার চেয়ে অনেক আধুনিক ও আরামদায়ক হবে ওয়াটার মেট্রোর জলযান। ইলেকট্রিক চার্জ দেওয়া ব্যাটারি ব্যবহার করে এই শীতাতপনিয়ন্ত্রিত জলযানগুলি ছুটবে অনেক দ্রুত গতিতে। ব্যাটারির পাশাপাশি ডিজেল ব্যবহার করে ‘হাইব্রিড’ পদ্ধতিতেও জলযানগুলি চালানোর ব্যবস্থা রয়েছে।
কোচি ওয়াটার মেট্রো পরিষেবায়ও এই ধরনের জলযানই চলে। সেখানে ব্যবহার করা হচ্ছে কোচিন শিপইয়ার্ডে তৈরি জলযান। ইতিমধ্যে কোচির মতো মুম্বই, গোয়া, ও কর্ণাটকের ম্যাঙ্গালোরে সমুদ্রে ওয়াটার মেট্রো চালানের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতায় এই ওয়াটার মেট্রোর ভাড়া কত হবে? সে বিষয়ে নির্দিষ্টভাবে এখনও কিছু না জানা গেলেও কোচিতে এর ভাড়া ২০ থেকে ৬০ টাকার মধ্যে। আবার ‘মাল্টি জার্নি কার্ড’ও রয়েছে। সেই সূত্রে অনেকেই মনে করছেন, কলকাতাতেও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে এর ভাড়া। ফাইল চিত্র