নিজস্ব প্রতিনিধি, মালদহ: ক্রমেই ভয়াবহ হচ্ছে মালদহের ভূতনি নদীর পরিস্থিতি । গতকাল রাত থেকে নতুন করে ভূতনি থানার বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ৩১টি গ্রাম। জল যেভাবে বাড়ছে, তাতে আরো বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু।
রবিবার পরিস্থিতি সরেজমিনে দেখতে ভূতনিতে পৌঁছন রাজ্যের তিন মন্ত্রী জোয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস ও গৌরীশংকর ঘোষ। দুর্গত এলাকা ঘুরে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনের তরফেও শুরু হয়েছে পরিস্থিতি মোকাবিলার তৎপরতা।
তবে বন্যার জল যত বাড়ছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভূতনির পরিস্থিতির জন্য সরাসরি তৃণমূলের পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলেছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর বিস্ফোরক অভিযোগ, 'কেন্দ্র থেকে টাকা এলেও সবটাই পকেটে ঢুকেছে।” তাঁর আরও দাবি, বালি দিয়ে বাঁধ তৈরির ফলেই আজ এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে ভূতনিবাসীকে'।