


সংবাদদাতা, বালুরঘাট: শনিবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টির জেরে ঘরে ঢুকে পড়ল জল। জমা জলে দুর্ভোগে পড়েন বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সৃজনী সংঘের দিঘিপাড়াবাসী। তাঁদের দাবি, ওই পাড়াতে এখনো পাকা রাস্তা হয়নি। নিকাশিনালাও নেই। এতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিঘিপাড়ার মানুষ। তাঁদের অভিযোগ, এখানে বিজেপির ভোটার বেশি। তাই কাউন্সিলার কাজ করবেন না বলে জানিয়েছিলেন। যার ফলে এতদিনেও পাকা রাস্তা এবং নিকাশিনালা হয়নি। এর প্রতিবাদে রবিবার সকালে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রলয় সরকার। তাঁর দাবি, ওই ওয়ার্ড অনেক বড়ো। কাউন্সিলার হওয়ার পর থেকে তিনি ওয়ার্ডে রাস্তাঘাট নিকাশিনালার কাজ করেছেন। ওই এলাকার কাজ বাকি রয়েছে। আগামীতে করা হবে।
যদিও কাউন্সিলারের দাবি নস্যাত্ করেছেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দা তন্দ্রা মজুমদার বলেন, দীর্ঘদিন আমরা এই এলাকায় বসবাস করছি। এলাকায় নিকাশিনালা এবং রাস্তা তৈরি করে দেওয়ার জন্য গত কয়েক বছরে কাউন্সিলারকে বহুবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কাউন্সিলার কোনো উদ্যোগ নেননি। আর এক বাসিন্দা ভারতী কর্মকারের কথায়, এলাকার মানুষ বিজেপিকে ভোট দেয় বলে কাউন্সিলার রাস্তাঘাট, নিকাশিনালা করবেন না বলে জানিয়েছিলেন। আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের দিঘিপাড়া অনেকটাই নীচু। বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায়।
দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা গড়ে ওঠেনি ওই ওয়ার্ডের অনেক জায়গায়। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ৩০ থেকে ৩৫ টি পরিবার দুর্ভোগে পড়েছে। এব্যাপারে বিজেপি টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের বক্তব্য, এতদিন শহরের অনেক জায়গাতেই ঠিকমতো কাজ হয়নি। রং না দেখে মানুষকে যাতে পরিষেবা দেওয়া হয়, তার দাবি জানাবো। নিজস্ব চিত্র