Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনায় চাষের জমি থেকে জল নামা শুরু

একটানা বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। মঙ্গলবার সেভাবে বৃষ্টি হয়নি।

দক্ষিণ ২৪ পরগনায় চাষের  জমি থেকে জল নামা শুরু
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটানা বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। মঙ্গলবার সেভাবে বৃষ্টি হয়নি। আকাশ অনেকাংশে ছিল রৌদ্রজ্জ্বল। সে কারণে অনেক জায়গা থেকে জল নামতে শুরু করে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে। সরকারি আধিকারিকদের বক্তব্য, আরও দু-একদিন বাদে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। সোমবার প্রায় ৫০ হাজার হেক্টর জমি চলে গিয়েছিল জলের নীচে। মঙ্গলবার তা অর্ধেকের কমে নেমে এসেছে। ডায়মন্ডহারবার ও সাগরে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। বিষ্ণুপুরেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। তবে সেখানে চাষযোগ্য জমির পরিমাণ কম। ডায়মন্ডহারবার মহকুমার মথুরাপুর, কুলপি, মন্দিরবাজারে বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছিল। পরিস্থিতি দেখতে মথুরাপুর দু’নম্বর ব্লকে গিয়েছিলেন যুগ্ম কৃষি অধিকর্তা (আলিপুর রেঞ্জ) নিখিলকুমার মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) মৃদুলকুমার ভক্ত, ডায়মন্ডহারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) এ কে এম মিরাজুল ইসলাম, ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌরভ মাইতি ও অন্যান্য কৃষি বিশেষজ্ঞরা। তাঁরা গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, পরিস্থিতি দেখার পর ডায়মন্ডহারবার ও সাগরের কিছু জায়গায় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে আধিকারিকরা আশঙ্কা করছেন। জল জমে থাকা এলাকাগুলি চিহ্নিত হয়েছে। সুন্দরবন সহ কিছু নিচু জায়গা চিহ্নিত হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ