Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে ছয়মাস ধরে বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প

গাজোলে ছয় মাস ধরে বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প। আবর্জনার পাহাড় জমছে, স্থানীয়রা প্রকল্পটি চালুর দাবি জানাচ্ছেন। বিস্তারিত পড়ুন।

গাজোলে ছয়মাস ধরে বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: ছয় মাস ধরে বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প। সংগৃহীত অপচনশীল বর্জ্য অন্যত্র নিয়ে গিয়ে প্রক্রিয়াকরণের জন্য জমি চিহ্নিত হলেও তার কাজ এগয়নি। এদিকে, প্রক্রিয়াকরণ না হওয়ায় আবর্জনার পাহাড় জমছে ইউনিটে। ফলে প্রকল্পের ভবিষ্যত্ নিয়ে চিন্তায় গাজোল ব্লকের বাসিন্দারা। তাঁরা ফের প্রকল্পটি চালুর দাবি জানিয়েছেন। 

Advertisement

এবিষয়ে গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, এই প্রকল্প ব্লক প্রশাসনের হাতে। গ্রাম পঞ্চায়েতের হাতে দিলে আমরা চালু করে দেব। উপপ্রধানের সংযোজন, আমরা তুলসীডাঙার কোরাপাড়ায় একটি জমি দেখেছি। প্রশাসনকে প্রস্তাব দেব। গাজোল ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, এসডব্লুএম প্রকল্পটি শীঘ্রই চালু হবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 
দু’বছর আগে ঘটা করে গাজোলের কৃষক বাজার সংলগ্ন এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটির সূচনা হয়। বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য একাধিক গাড়িও দেওয়া হয়। কর্মীরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করে ইউনিটে নিয়ে যেতেন। সেখানে প্রক্রিয়াকরণও হতো। কিন্তু দুর্গন্ধের কারণে স্থানীয়দের একাংশের বাধা দিলে প্রক্রিয়াকরণের কাজ বন্ধ হয়ে যায়। এরপরও আর কাজ চালু হয়নি। আবর্জনা সংগ্রহের কাজও বন্ধ রয়েছে। গাজোলের শিক্ষক পলাশ সরকার বলেন, বেশ কিছু কারণে ইউনিটটি বন্ধ হয়ে যায়। আমরা বিডিওকে বিষয়টি জানিয়েছিলাম। আবর্জনার পৃথকীকরণ ভালোভাবে দরকার। এখান থেকে অপচনশীল আবর্জনা রানীগঞ্জে নিয়ে যাবে বলে শুনেছি। কিন্তু কবে হবে জানি না। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ