লখনউ: রামমন্দিরের দানসামগ্রী তছরুপ কেবল প্রণামী চুরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং এর সঙ্গে জড়িত ছিল কোনো সংগঠিত অপরাধ চক্র। চুরিতে অন্যতম অভিযুক্ত লবকুশ মিশ্রের বাড়ি থেকে বুধবার উদ্ধার হয়েছে প্রণামী সংগ্রহের একটি ভুয়ো রিসিট বই। এরপরই সিটের তদন্তে নয়া মোড় এসেছে। মন্দিরকে সামনে রেখে সমান্তরাল কোনো দানসামগ্রী সংগ্রহের চক্র গড়ে উঠেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, ভুয়ো রিসিটে দান সংগ্রহের বিষয়টি প্রমাণিত হলে টাকা নয়ছয়ের অভিযোগের গভীরতা আরও বাড়বে।
প্রণামীর অর্থ চুরির অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিন গণনাকর্মী লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র এবং করুণেশ পান্ডেকে। সিট সূত্রে খবর, একদফা জেরার পর ধৃতদের বুধবার অযোধ্যায় লবকুশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রণামী সংগ্রহের ভুয়ো রিসিট বইটি পাওয়া যায়। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীর জানাচ্ছেন, বাজেয়াপ্ত রিসিট বইয়ের সঙ্গে রাম জন্মভূমি ট্রাস্টের আগের রিসিট বইয়ের মিল রয়েছে। রামমন্দিরের জন্য সারা দেশে থেকে অর্থ সংগ্রহের সময় এই ধরনের বই থেকেই রিসিট কাটা হত। এখন এই বইয়ের সিরিয়াল নম্বর, ছাপার নকশা এবং হাতের লেখা ট্রাস্টের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এই ধরনের চালান নিয়ে কেউ রামমন্দিরের নামে অর্থ জমা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রামমন্দিরের প্রণামী নয়ছয় নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। রামমন্দিরে কর্মরত সকলের ফোনের কল রেকর্ড যাচাই করার দাবি করেছেন সপা সুপ্রিমো। তাঁর দাবি, সেই রেকর্ড যাচাই করলে ৯৯.৯ শতাংশ ক্ষেত্রে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলবে।