আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন অভিনেতা শক্তি কাপুর। সম্প্রতি তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়েছিল সমাজমাধ্যমে। শুক্রবার সকালে তা ঘিরে তোলপাড় ইন্ডাস্ট্রি। উদ্বেগে পড়েন অনুরাগীরা। তবে চাঞ্চল্যকর মৃত্যুর গুজবের শিকার হতেই সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিনেতা নিজেই। গুজব উড়িয়ে তিনি জানান, সম্পূর্ণ সুস্থ ও ভালো রয়েছেন। সমাজমাধ্যমে লাগাতার মিথ্যা খবর ছড়ানোর জন্য ক্ষোভপ্রকাশ করেছেন শক্তি। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমি ভালো আছি। শীঘ্রই সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে যাচ্ছি। কারণ যা ঘটেছে, তা মোটেই অভিপ্রেত নয়। ফলে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে। এভাবে চলতে পারে না।’



