নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চালু হয়ে গিয়েছে অভিষেকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এমনটাই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশে অভিষেকের বাড়ি গিয়েই কেওয়াইসি করে আসেন ব্যাংকের প্রতিনিধি। এদিন তাঁরা আদালতে জানান, ইচ্ছাকৃতভাবে অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। তিনি অন্য একটি মামলায় যুক্ত ছিলেন। সেই খবর ব্যাংকের কাছে আসার পর স্বাভাবিক নিয়মেই অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। যদিও বিচারপতি রাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শুধু অভিষেক নন, যেকোনো গ্রাহকের ক্ষেত্রেই অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন পড়লে আগে থেকে তা জানানো উচিত। কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, আগে থেকে সেই বিষয়ে গ্রাহককে সতর্ক করতে হবে।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের মামলা ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে মোট কতগুলি এফআইআর করা হয়েছে, পুলিশের কাছে তা জানতে চেয়েছেন তিনি। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তাকে রিপোর্ট দিয়ে হাইকোর্টে সেই তথ্য জানাতে হবে। সোমবার আদালত মৌখিকভাবে জানায়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতবি থাকবে। তার মধ্যে সুমিতের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
অন্যদিকে, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী এবং ঋতব্রতর তৃণমূল। দুই তরফেই মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। সোমবার এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। আজ মঙ্গলবার এই মামলার শুনানি।