


মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মালদহ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের রাজনৈতিক তরজা অব্যাহত। শুক্রবার ওই বিধানসভার বিজেপি পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সেতু, ঝন্টু মোড় সহ বিভিন্ন পাড়ার বাড়ি, মিষ্টি এবং চায়ের দোকানগুলি চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী। অনেকের পায়ে হাত দিয়ে প্রণাম করেন লিপিকা। পাশাপাশি রাজনৈতিক দিক থেকে বিজেপি প্রার্থীর ‘বহিরাগত’ মন্তব্যের উত্তর দিতে ছাড়েননি লিপিকা।
তিনি বলেন, উনি (বিজেপি প্রার্থী) বলেছেন আমি বহিরাগত। আমি জেলা পরিষদের সভাধিপতি। গোটা জেলা আমার দায়িত্বে। সবাই আমার নিজের এবং কাছের লোক। বিজেপি পাঁচ বছরে স্থানীয় এলাকায় কোনো কাজ করেনি। আমরা সবাই মিলে এই বিধানসভায় পরিবর্তনের জন্য মাঠে নেমেছি। যেভাবে সাড়া পাচ্ছি, আমরা জিতব।
উল্লেখ্য, মালদহ বিধানসভা তপশিলিদের জন্য সংরক্ষিত। ২০২১ সালে বিজেপি জয়লাভ করে। এবার ২০২৬ বিধানসভা নির্বাচনে বিদায়ী বিধায়ককেই টিকিট দিয়েছে বিজেপি। প্রচারে নামার পর থেকেই জয় সুনিশ্চিত সাফাই দিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির প্রার্থী গোপাল সাহা সংশ্লিষ্ট বিধানসভার শ্রীরামপুর গ্রামে প্রচারে গিয়েছিলেন। সেখানে তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে মন্তব্য করেন। বিদায়ী বিধায়ক বলেন, তৃণমূল প্রার্থী বলেছেন বিজেপি বিধায়ককে পাওয়া যায় না। তিনি জানবেন কী করে, তিনি তো বহিরাগত। জেলা পরিষদের সভাধিপতি হয়ে তিনি কাজ করেননি। আমাকে প্রশাসনের মিটিংয়ে ডাকা হয়নি। তাঁকে কেউ চেনে না।
শুক্রবার সাহাপুর সেতু মোড় এলাকায় তপশিলি সংলাপের সূচনা করে তৃণমূল প্রার্থী। ওই গাড়ি এদিন থেকে ১০টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পুরসভা এলাকায় ঘুরবে।
বিশেষ করে তপশিলি গ্রামে ঘুরে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো সহ রাজ্য সরকারের বিভন্ন উন্নয়নের কথা প্রচার করবে। গাড়ির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বও থাকবে। তারা মানুষের সমস্যার কথা নোট করে লিখে রাখবে। আগামী দিনে সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে।
বিদায়ী বিধায়ককে জবাব দিয়ে তৃণমূলের প্রার্থী বলেন, বিধায়ককে মিটিংয়ে ডাকা হয়েছিল। জেলা পরিষদ প্রচুর কাজ করেছে।
যাত্রাডাঙ্গা, ভাবুক সহ বিভিন্ন গ্রামে পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পের কাজ হয়েছে। এসআইআর, গ্যাসের সমস্যায় বিধায়ক মানুষের পাশে থাকেননি। আমি পাশে আছি, এই ভরসা দেওয়ার মানসিকতা বিজেপির বিধায়ক কখনও দেখাননি। সাহাপুরে প্রচারে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।-নিজস্ব চিত্র