নয়াদিল্লি: নিট প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো আইনি বা শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে না। এই শর্তে তিনি অনশন ভাঙবেন। বুধবার এমনই জানালেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। বুধবার ২৫ তম দিনে পড়েছে সোনামের অনশন। হাসপাতালে ভরতি থাকলেও তাঁর অনশন চলছে। এদিন সোনাম জানান, নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে—কেন্দ্রের তরফে তাঁকে এমন আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে গিয়ে সোনামের সঙ্গে দেখা করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জীতেন্দ্র সিং। পরে সোনাম লিখেছেন, দুই মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে আশ্বাস দেন এবং তাঁকে অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। সোনাম আরও লিখেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে যে সব পড়ুয়া আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও কেন্দ্র বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন। সেই সময়ই সোনাম পালটা কেন্দ্রকে শর্ত দেন যে, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে তিনি অনশন ভাঙার বিষয়টি বিবেচনা করবেন। এদিকে, এদিন বিরোধী দলের সাংসদরা গুরুগ্রামের হাসপাতালে সোনামের সঙ্গে দেখা করতে চাইলে, তাদের বাধা দেয় পুলিশ। দেখা করতে দেওয়া হয়নি। প্রতিবাদে হাসপাতালের সামনেই সোচ্চার হন সাংসদরা।



