Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়

দ্বিতীয় সন্তান আসছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে। রবিবার, অক্ষয় তৃতীয়াতে অনুরাগীদের এই সুখবর দিলেন তারকা দম্পতি

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দ্বিতীয় সন্তান আসছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে। রবিবার, অক্ষয় তৃতীয়াতে অনুরাগীদের এই সুখবর দিলেন তারকা দম্পতি। গত কয়েকদিন তাঁদের বিচ্ছেদ জল্পনায় সরগরম ছিল ইন্ডাস্ট্রি। শোনা গিয়েছিল, বিচ্ছেদের দিনক্ষণও নাকি পাকা হয়ে গিয়েছে। যাবতীয় জল্পনা উড়িয়ে রবিবার দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন যুগল। শনিবার রাত থেকেই অবশ্য একটি জল্পনা শুরু হয়েছিল। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, বলিউডের এক শীর্ষস্থানীয় নায়িকা শীঘ্রই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। সেই নায়িকা নাকি পরের ছবিতে কাজ করবেন একজন বর্ষীয়ান অভিনেতার সঙ্গে। এই জল্পনা দেখে দুই অভিনেত্রীর নাম ঘুরপাক খাচ্ছিল বিনোদন দুনিয়ায়। প্রথম, দীপিকা। দ্বিতীয় আলিয়া ভাট। রবিবার সকালে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন দীপিকা নিজেই। যৌথভাবে একটি ছবি পোস্ট করেছেন রণবীর ও দীপিকা। তাঁদের কন্যাসন্তান দুয়ার হাতে ধরা রয়েছে প্রেগনেন্সি কিট। সেখানেই পজিটিভ উত্তর বুঝিয়ে দিচ্ছে, দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা আদবানি, পরিণীতি চোপড়া, ভূমি পেডনেকর সহ আরও অনেক শিল্পী। ২০১৮ সালে রণবীর ও দীপিকার বিয়ে। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম দেন অভিনেত্রী। দেড় বছরের মাথায় দ্বিতীয় সন্তান আসার খবর দিলেন নায়িকা। এরপর অল্লু অর্জুনের ‘রাকা’ ছবিতে  দেখা যাবে দীপিকাকে। সেই ছবির শ্যুটিং তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বিজয়রথ ছুটছেই। ইতিমধ্যে ভারতের তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে নাম লিখিয়ে ফেলেছে এই সিনেমা। দ্বিতীয় স্থানে থাকা ‘বাহুবলী ২’কে ছুঁতে গেলে বাকি ৬০ কোটি টাকা। আদিত্য ধর পরিচালিত ছবিটির নজর সেদিকেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ