Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ, বোর্ডের সভায় গরহাজির আগরকর, আস্থা রোহিতেই

আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মাকে নিয়ে আর নতুন ‘নাটক’ চাইছে না বিসিসিআই। বৃহস্পতিবার মুম্বইয়ে হাই-পাওয়ার্ড মিটিংয়ে সেটা স্পষ্ট করে দিলেন সচিব দেবজিৎ সইকিয়া।

এশিয়ান গেমসে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণ, বোর্ডের সভায় গরহাজির আগরকর, আস্থা রোহিতেই
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মাকে নিয়ে আর নতুন ‘নাটক’ চাইছে না বিসিসিআই। বৃহস্পতিবার মুম্বইয়ে হাই-পাওয়ার্ড মিটিংয়ে সেটা স্পষ্ট করে দিলেন সচিব দেবজিৎ সইকিয়া। হাজির ছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, দুই ক্যাপ্টেন শুভমান গিল, শ্রেয়স আয়ার এবং সিওই’র ডিরেক্টর অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ। তবে নির্বাচক প্রধান অজিত আগরকরের অনুপস্থিতি জল্পনার জন্ম দিয়েছে। বৈঠক শেষে তাঁর গরহাজির থাকা নিয়ে প্রশ্ন করা হলে বোর্ড সচিব জানান, ‘খুব অল্প সময়ের নোটিসে বৈঠক ডাকা হয়েছিল। তাই শহরের বাইরে থাকায় নির্বাচক প্রধান বৈঠকে যোগ দিতে পারেননি। এমন জায়গায় তিনি আছেন যে, অনলাইনেও ধরার সুযোগ ছিল না।’

Advertisement

সইকিয়া যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, আগরকরের ভূমিকা নিয়ে বিসিসিআইয়ের অন্দরে যে অসন্তোষ বাড়ছে, তা একপ্রকার স্পষ্ট। বিশেষ করে রোহিত শর্মাকে বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে তিনি রীতিমতো কোণঠাসা। ইংল্যান্ড সফরেই হিটম্যানের অবসর মঞ্চ প্রায় সাজিয়ে ফেলেছিলেন কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান আগরকর। কিন্তু শেষ ম্যাচে রোহিত দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। সেই সঙ্গে সচিব সইকিয়া তাঁর হয়ে ব্যাট ধরেন। যেভাবে ধরলেন এদিনও। সচিব জানান, ‘প্রত্যেক ম্যাচেই রোহিত ভালো পারফর্ম করছে। আর কী চাইতে পারি আমরা? ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ১৩৮ করেছিল। তার পরেও রোহিতকে নিয়ে এত জল্পনা কেন? তাই ওকে নিয়ে আর কোনও চর্চা চাই না।’ অর্থাৎ বৃহস্পতিবার মুম্বইয়ে বোর্ডের হাই-পাওয়ার্ড মিটিংয়ে অজিত আগরকর উপস্থিত থাকলে যে বেশ বিব্রত হতেন, তা বলার অপেক্ষা রাখে না।
গত কয়েক মাসে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো নয়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজ হারতে হয়েছিল। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা যায়নি। তার ফলে নষ্ট হয়েছে পয়েন্ট। কার্যত অসম্ভব দেখাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। সেই সঙ্গে ক্রিকেটারদের চোট প্রবণতাও চিন্তায় ফেলেছে বিসিসিআইকে। এই সব বিষয় নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়। ব্যর্থতার কারণ অনুসন্ধানের পাশাপাশি সমস্যা সমাধানের পথ খোঁজারও চেষ্টা হয়। 
ঠিক হয়েছে, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজগুলিতে প্রস্তুতি ম্যাচ বেশি করে রাখা হবে। সময় হাতে রেখেই দল পাঠানো হবে বিদেশে। যাতে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারেন। 
এদিকে, এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। অতীতেও তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছিল। ২০২৩ সালে সোনা পেয়েছিল ভারত। এবারও সেই কারণেই হয়তো লক্ষ্মণের উপর ভরসা রাখা হয়েছে। তবে বোর্ডের দাবি, ওই সময় ছুটিতে থাকবেন হেড কোচ গৌতম গম্ভীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ