


নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার রাতে দত্তপুকুরের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হল গুচ্ছ ভোটার, আধার কার্ড সহ বাংলা আবাসের ঘর প্রাপকদের তালিকা। আর এনিয়ে চাঞ্চল্য ছড়ায়। নথির সঙ্গে আলমারি থেকে উদ্ধার হয়েছে কালো কাপড়। বিজেপির অভিযোগ, বাসিন্দাদের নথি জোর করে নিজেদের পার্টি অফিস আলমারি বন্ধ করে রেখেছে তৃণমূল। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি দত্তপুকুর থানার জয়পুলের গঙ্গানন্দ পল্লিতে।
২০২২ সাল থেকে দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের জয়পুলের গঙ্গানন্দ পল্লিতে তৃণমূলের পার্টি অফিস চলছে। তৃণমূলের ভরাডুবির পর বিজেপি কর্মীরা রাতারাতি ওই পার্টি অফিস গেরুয়া রং করেন। আর এদিন রাতে কার্যালয়ের ভিতরে থাকা একটি আলমারি খুলতেই চোখ চড়ক গাছ হয় স্থানীদের। ভিতর থেকে উদ্ধার হয় গুচ্ছ গুচ্ছ ভোটার, আধার কার্ড সহ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের তালিকা। সঙ্গে একটি কালো রংয়ের কাপড়ও। স্থানীয় বাসিন্দা মৌ কুণ্ডু বলেন, বাংলার বাড়ি দেওয়ার তালিকায় আমার নাম ছিল, বাড়ির ছবিও তোলা হয়। কিন্তু আমি আর বাড়ি পায়নি। তৃণমূল নেতাদের জুলুমবাজিতে অনেকে বঞ্চিত হয়েছেন। এখন সেটা পর্দাফাঁস হল। স্থানীয় বাসিন্দা পুলক মিস্ত্রি বলেন, আলমারির ভিতর থেকে কয়েকশো আধার, ভোটার কার্ড উদ্ধার হয়েছে। নথিগুলো কেন তৃণমূলের নেতারা নিজেদের পার্টি অফিসে রেখেছেন তদন্ত হওয়া জরুরি। বিজেপির পঞ্চায়েত সদস্যা মৌমিতা চৌধুরী বলেন, এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। তাই তৃণমূলের নেতারা নিজেদের পার্টি অফিসে বন্দি করে রাখে নথি। পুলিশের সাহায্যে স্থানীয়দের নথি ফিরিয়ে দেওয়া হবে। তবে, স্থানীয় তৃণমূল নেতা বাপি বাগ বলেন, আমরা কার্যালয় চালু করি ২০২২ সালে। তখন থেকে আলমারি বন্ধ ছিল। চাবিও আমাদের কাছে নেই। আলমারি থেকে কিছু নথি উদ্ধার হয়েছে।