Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর মহকুমার চারটি কেন্দ্রের ভোট গণনা ১৪টি করে টেবিলে, এজেন্টদের ভোকাল টনিক বিজেপি-তৃণমূলের

আজ, সোমবার বিষ্ণুপুর মহকুমার চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ১৪টি করে টেবিলে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষ্ণুপুর মহকুমার চারটি কেন্দ্রের ভোট গণনা ১৪টি করে টেবিলে, এজেন্টদের ভোকাল টনিক বিজেপি-তৃণমূলের
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: আজ, সোমবার বিষ্ণুপুর মহকুমার চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ১৪টি করে টেবিলে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক দলের তরফেও গণনার কাজে যুক্ত এজেন্টদের শেষ মুহূর্তে ভোকাল টনিক দেন প্রার্থীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সকাল ৬টার মধ্যে গণনা কর্মী ও দলীয় এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। এবার কিউআরকোড স্ক্যান করে তবে গণনা কর্মীদের প্রবেশ করতে হবে। দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্ক্যান করার পর গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তাই এবার কিছুটা বাড়তি সময় লাগবে। সেজন্য গণনা কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল ও বিজেপির দূরবর্তী বিধানসভা কেন্দ্রের এজেন্টরা রবিবার রাত থেকেই বিষ্ণুপুর শহরে চলে আসেন। প্রার্থী এবং দলীয় নেতৃত্ব তাঁদের শেষ মুহূর্তে ভোকাল টনিক দেন। দুই দলই এজেন্টদের শেষ পর্যন্ত টেবিল ছাড়তে নিষেধ করেছেন। 

Advertisement

রেজাল্টের আগের দিন রবিবার বিজেপির প্রার্থীরা বিভিন্ন মন্দিরে পুজো দেন। পরে তাঁরা বিষ্ণুপুরে জেলা পার্টি অফিসে কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। একইভাবে তৃণমূল প্রার্থী ও নেতারা এদিন বিকালে কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। উভয় দলের নেতৃত্ব শেষ মুহূর্তে নিজ নিজ এজেন্টদের ভোকাল টনিক দেন। প্রত্যেককে ভোরে ঘুম থেকে উঠে টিফিন সেরে সরাসরি গণনাকেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেন। ফল ঘোষণা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টেবিল আঁকড়ে পড়ে থাকার নির্দেশ দেন।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, গণনাকেন্দ্রে কোনোরকম ত্রুটি দেখলে কমিশনের নজরে আনা এবং দলীয় নেতৃত্বকে তা জানানোর জন্য এজেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, দলের সুপ্রিমোর নির্দেশ মেনে প্রতি এজেন্টকে গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টেবিল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। 
নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, বিষ্ণুপুর মহকুমার বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী এই চারটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য প্রায় ১৫০ জন কর্মী থাকবেন। তাঁদের মধ্যে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং মাইক্রো অবজার্ভার রয়েছেন। প্রত্যেককে স্ক্যানার লাগানো পরিচয়পত্র দেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ওই পরিচয়পত্র স্ক্যান করবেন। তারপরেই  তাঁরা গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এবার প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। একটি কেন্দ্রের সঙ্গে অন্য কেন্দ্রের মাঝে প্রাচীর থাকবে। গণনাকর্মী ও কাউন্টিং এজেন্টরা কেবলমাত্র নিজস্ব কেন্দ্রেই যেতে পারবেন। প্রতি কেন্দ্রে ১৪টি করে টেবিলে ভোট গণনা হবে। পোস্টাল ব্যালট এবং ইভিএম মিলিয়ে বিষ্ণুপুরে ১৯রাউন্ড, কোতুলপুরে ২৩ রাউন্ড, ইন্দাসে ২২ রাউন্ড এবং সোনমুখীতে ২১ রাউন্ডে গণনা শেষ করা হবে। প্রতি রাউন্ডের শেষে মাইকে ফল ঘোষণা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ