সংবাদদাতা, বোলপুর: ‘বিশ্বভারতীর সাফাই অভিযান ও বাগান করার কাজে শুধু কর্মীরা নয়, এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদেরও। শিক্ষার্থীসুলভ আচরণ করলেই পড়ুয়ারা কর্তৃপক্ষের তরফে সবরকম সুযোগ-সুবিধা পাবে।’ সোমবার বিশ্বভারতীর বিনয় ভবনে যৌগিক আর্ট অ্যান্ড সায়েন্স বিভাগের ধ্যান কুটিরের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ২০৮তম জন্মবার্ষিকী ও সংশ্লিষ্ট বিভাগের অষ্টম বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মণ্ডল। ছাতিম গাছের চারা রোপণ করে অনুষ্ঠান শুরু হয়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বিনয় ভবন ক্যাম্পাসে ৩.২ একর জমিতে ধ্যানকুটির নির্মাণ করা হয়েছে। খরচ হয়েছে এক কোটি ৮২লক্ষ টাকা। এছাড়াও ওই ক্যাম্পাসে প্রাণায়াম, যোগাসন কুটির সহ বেশকিছু কুটির নির্মাণ করা হবে। এই প্রকল্পে কেন্দ্র ১০কোটি টাকা বরাদ্দ করেছে। তারমধ্যে ইতিমধ্যেই তিন কোটি ৪৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এদিন উপাচার্য যোগাভ্যাসের ইতিবাচক বিষয়গুলি তুলে ধরেন। কর্মী, অধ্যাপক, ছাত্রছাত্রীদেরও এই অভ্যাস করার আহ্বান জানান। তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সঙ্গীত ভবন, কলা ভবনের মতো বিনয় ভবনও আগামী দিনে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবে। এদিন উপাচার্য জানান, ফাঁকা পড়ে থাকা জায়গায় বাগান করা হোক। ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসে আগাছা, জঙ্গল সাফ করার জন্য পড়ুয়া ও কর্মী আধিকারিকদের মাসে অন্তত একদিন দু’ঘণ্টা করে সময় দেওয়ার বার্তা দেন তিনি।



