Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশে কবিগুরুর পৈতৃক বাড়িতে হামলা, প্রতিবাদে বিশ্বভারতীর মোমবাতি মিছিল

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল বিশ্বভারতী।

বাংলাদেশে কবিগুরুর পৈতৃক বাড়িতে হামলা, প্রতিবাদে বিশ্বভারতীর মোমবাতি মিছিল
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল বিশ্বভারতী। ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে শান্তিনিকেতনে মোমবাতি মিছিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে শামিল হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, অধ্যাপক ও পড়ুয়ারা।

Advertisement

প্রসঙ্গত, দিনকয়েক আগে বেশকিছু দুষ্কৃতী সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় রবি ঠাকুরের পরিবারের বেশ কিছু দুষ্প্রাপ্য নথি ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হতেই ভারত ও বাংলাদেশের রবীন্দ্র অনুরাগী মানুষজন ক্ষোভ প্রকাশ করেন। অনেকে প্রতিবাদও করেন। রবীন্দ্র ঐতিহ্যবাহী বিশ্বভারতীও সেই প্রতিবাদে এবার শামিল হল। তার প্রেক্ষিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বিজ্ঞপ্তি মারফত প্রতিবাদ মিছিলের কর্মসূচির কথা জানান। সেখানে তিনি লেখেন, বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গুরুদেবের আদর্শ, উত্তরাধিকার ও স্মৃতিচিহ্ন রক্ষায় বিশ্বভারতী দৃঢ়প্রতিজ্ঞ।
সেই মোতাবেক এদিন বিকেল সাড়ে ৫টায় উপাসনা গৃহের সামনে সকলে সমবেত হন। এরপর রবীন্দ্র সঙ্গীত গেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয়। মিছিলে পা মেলান বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, জনসংযোগ আধিকারিক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের অধ্যাপক, শিক্ষক, কর্মী, আধিকারিক ও পড়ুয়ারা। শান্তিনিকেতন রোড হয়ে সেন্ট্রাল অফিসের সামনে প্রতিবাদ মিছিল শেষ হয়। উপাচার্য বলেন, বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর কাছারিবাড়িতে দুষ্কৃতীরা ঐতিহ্যকে নষ্ট করেছে। দুষ্কৃতীদের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা সকলে সমবেত হয়েছি। তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তরফে মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে। কবিগুরুর কোনও ঐতিহ্য আমরা কখনওই নষ্ট হতে দেব না। তার জন্য সবসময় আমরা প্রতিবাদ করব। এর আগে পহেলগাঁও কাণ্ডে বিশ্বভারতীর তরফে প্রতিবাদ ও শোকজ্ঞাপন করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ