মুম্বই: মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পেয়ারে খানের বিরুদ্ধে বিক্ষোভের মোড় ঘুরে গেল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির দিকে। ইতিমধ্যেই নাগপুরে গাদকারির বাসভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁদের দাবি, নীতিনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই এই পদ পেয়েছেন পেয়ারে খান।
নাগপুরের ব্যবসায়ী পেয়ারে খান পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত। করোনা মহামারির সময় নাগপুরের বিভিন্ন হাসপাতালে ৪০০ টন অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। এতে খরচ পড়েছিল প্রায় ৮৫ লক্ষ টাকা। সরকার সেই টাকা পেয়ারেকে দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন। এরপরেই ‘অক্সিজেন ম্যান’ নামে পরিচিত হন তিনি। ২০২৪ সালে মহারাষ্ট্র সরকার ৫ বছরের জন্য রাজ্যের সংখ্যালঘু কমিশনের দায়িত্ব দেয় তাঁকে। পেয়ারে খানের সেই নিয়োগ ঘিরে সংঘ পরিবারের একাংশের আপত্তি ছিল। সম্প্রতি পেয়ারে খানের নাসিক সেন্ট্রাল জেলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে দেখা করে তার মুক্তির পক্ষে সওয়াল করেছেন পেয়ারে। তারপরেই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁদের দাবি, গাদকরির সমর্থনেই রাজনৈতিক জমি তৈরি করতে পেরেছেন পেয়ারে খান। সেই জন্যই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। প্রসঙ্গত, নীতিনের বাড়ি ‘গাদকারি ওয়াডা’ নাগপুরের মহল এলাকায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরের অবস্থানও সেখানেই।



