তিরুবনন্তপুরম: টেস্ট, টি-২০ ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন! এখন শুধু খেলেন ওডিআই। তবে সেই পথেও ইতি টানার সময় এগিয়ে আসছে। ২০২৭ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ভিকে। ভারতীয় সুপারস্টার নিজেই তা জানিয়ে দিলেন। বিরাটের কথায়, ‘ভারতের হয়ে আগামী বছর শেষ বিশ্বকাপ খেলব। সেটাই আমার অনুপ্রেরণা। বিশ্বকাপ জিততেই হবে। তার জন্য যা করতে হয় করব। শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে বদ্ধপরিকর।’
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৪টি ওডিআই বিশ্বকাপ খেলেছেন বিরাট। ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩। তারমধ্যে ২০১১ সালে খেতাবের স্বাদও পেয়েছেন। কিন্তু দেশের মাটিতে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হার মেনে নিতে পারনেনি ভিকে। সেদিন চোখের জলে মাঠ ছেড়েছিলেন । ২০২৭ বিশ্বকাপে সেই আক্ষেপই মেটাতে চান কিং কোহলি। তবে কাজটা সহজ হবে না। কারণ, এবার আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে। আফ্রিকান কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। তা জানেন ৩৭ বছর বয়সি মহাতারকা। সেভাবে তৈরিও হচ্ছেন তিনি। কোহলির মন্তব্য, ‘৫০ ওভারের ক্রিকেটের তীব্রতা বাকি সবকিছুর থেকে বেশি। কারণ টি-২০’তে ২০ ওভারের ম্যাচ। সেদিক থেকে দেখলে এখানে একদিনে প্রায় আড়াইটা টি-২০ ম্যাচ খেলতে হয়। এবং বিশ্বকাপে সমপরিমাণ তীব্রতা নিয়ে ১০টি ম্যাচ খেলতে হবে। তার উপর বিদেশের মাটিতে টুর্নামেন্ট। তাই চ্যালেঞ্জ তো থাকবেই। তবে তার জন্য তৈরি।’ উল্লেখ্য, ওয়ান ডে ক্রিকেট রেকর্ড মাস্টার বিরাট। শচীন তেন্ডুলকরের (৪৯) সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড আগেই ভেঙেছেন মহাতারকা (৫৪)। এবার বিশ্বকাপেও মাস্টার ব্লাস্টারের এক রেকর্ড ভাঙার হাতছানি ‘দ্য রানমেশিনে’র সামনে। মেগা আসরে শচীন তেন্ডুলকরের (২২৭৮) সর্বাধিক রানের রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন আর ৪৮৪। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলে ৫৯.৮৩ গড়ে ১৭৯৫ রান করেছেন মহাতারকা।
বিরাটের পাশাপাশি রোহিতও ২০২৭ বিশ্বকাপ খেলে ওডিআই ক্রিকেটকে বিদায় বলতে চান। তাঁর কথায়, ‘বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। বিশ্বকাপে বা কোনো আইসিসি টুর্নামেন্টে খেলাটা সর্বদাই চ্যালেঞ্জিং। কারণ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। ভেন্যুও আলাদা থাকে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হয়। বিদেশে টুর্নামেন্ট হলে তা আরও কঠিন। তার প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। তবে সবরকম চ্যালেঞ্জের জন্য তৈরি।’ উল্লেখ্য, সাম্প্রতিককালে ৩৯ বছর বয়সি হিটম্যানকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার অনেক পরিকল্পনা করা হয়েছিল। তবে তা সম্ভব হয়নি। উলটে নির্বাচক প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে অজিত আগরকরকে। আর রোহিত ফর্মেও আছেন। ইংল্যান্ডে শতরান হাঁকিয়েছিলেন। শেষ বিশ্বকাপ রাঙাতে হিটম্যানও তৈরি।