


বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসা থামানোর প্রতিশ্রুতিই সার! ফের অশান্ত মণিপুর। বুধবার সকালে কাংপোকপি জেলায় জাতীয় সড়কে সশস্ত্র জঙ্গিরা দু’টি গাড়িতে হামলা চালায়। এই ঘটনায় তিন যাজকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের জেনারেল সম্পাদক রেভারেন্ড ভি সিথলহো, রেভারেন্ড ভি কাইগলুন এবং পাদ্রী পাওগোলেন। তাঁরা সকলেই কুকি সম্প্রদায়ের। একথা জানিয়েছে কুকি সংঘটন কেএসও। ঘটনায় আহত কমপক্ষে পাঁচজন।
স্থানীয়রা জানান, দুটি গাড়িতে করে লামকায় একটি সম্মেলন সেরে ফিরছিলেন নিহতরা। চুড়াচাঁদপুর থেকে কাংপোকপি ফেরার পথে জঙ্গি হামলার মুখে পড়েন তাঁরা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ফলে মণিপুর-নাগাল্যান্ড সংযোগকারী জাতীয় সড়কে আটকে পড়ে বহু গাড়ি। প্রতিবাদে বুধবার বেলা ১২ টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কুকি সংগঠন। এক বিবৃতিতে কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট আততায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ, পুনর্বাসন ও আজীবন সহায়তা প্রদানের দাবি জানিয়েছে।
এতবড় হামলার ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। যদিও পাশ্ববর্তী রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ‘শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় কর্মরতদের বিরুদ্ধে সংঘটিত এই ধরনের সহিংসতা ও বর্বরতা গ্রহণযোগ্য নয়।’ প্রসঙ্গত, মণিপুরে গত তিন বছর ধরে কুকি-মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেই চলছে। গত ফেব্রুয়ারি থেকে নতুন করে কুকি ও তাংখুল নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘাত বেড়ে চলেছে। এরই মধ্যে বুধবারের এই ঘটনায় নতুন করে হিংসার আগুন ছড়িয়ে পড়ে মণিপুরে।