সোমনাথ বসু, কলকাতা: সেই কবে ঈশ্বরচন্দ্র গুপ্ত মজার ছলে লিখেছিলেন, ‘তারে তার জানা যায়, রস ষোল আনা/ অরসিক লোক তবু, বলে তারে আনা।’ কিন্তু ভিনিসিয়াস অত্যন্ত রসিক। মাঠে এবং মাঠের বাইরে তাঁর সেন্স অব হিউমার অনেকেরই প্রশংসা আদায় করে নেয়। ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের আনারস প্রীতির কথা অনেকেই জানেন। ম্যাচের আগে বা পরে এই ফল খাওয়া তাঁর অভ্যাস। ব্রাজিলিয়ান উইঙ্গারের ধারণা, আনারস তাঁর কাছে অত্যন্ত পয়া ফল। তবে যে সে আনারস নয়, ইন্দোনেশিয়ার ‘নানাস মাদু’ই (মধুর মতো মিষ্টি আনারস) ভিনির সবচেয়ে বেশি পছন্দের। বিশ্বের যে প্রান্তেই তিনি যান না কেন, সঙ্গে থাকে এই বিশেষ আনারস। ভারত সফরেও এর অন্যথা হয়নি। শনিবার রাতে ম্যাচের পর টিম হোটেলে ফিরে কয়েক টুকরো ‘নানাস মাদু’ খান তিনি। এরপরই বেরিয়ে যান উড়ান ধরতে। উল্লেখ্য, রাত পৌনে একটার বিমানে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
২০২৪ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদের ড্রেসিং-রুম ও টানেলে আনারস খেতে দেখা গিয়েছিল ভিনিসিয়াসকে। সেই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক ছিল তাঁর। আমেরিকা বিশ্বকাপেও হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় তিনি আনারস খেয়েছিলেন। ব্রাজিলের পক্ষে খেলার ফল ছিল ৩-০। প্রথমার্ধের সংযোজিত সময়ে বিপক্ষের জাল কাঁপান ভিনিসিয়াস। তাই তাঁর মতো অনুরাগীরাও মনে করেন, এই ফলের মধ্যেই লুকিয়ে আছে তারকা উইঙ্গারের সাফল্য। এদিনও মাঠে নামার আগে আনারস খান তিনি।
‘নানাস মাদু’ ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পেমালং এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায়। সাধারণ আনারসের থেকে আকারে কিছুটা হলেও ছোটো। ভিতরের অংশ কম রসালো। কিন্তু জিভে ঠেকালে বা কামড় দিলে মনে হবে যেন আপনি মধু খাচ্ছেন। এই আনারস দিয়ে তৈরি জুসেরও বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।
শুধু ভিনিসিয়াস নন, ব্রাজিল দলের অনেকেই আনারসে আসক্ত। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে তাঁরা এই ফল খান। পুষ্টিবিদদের বক্তব্য, ‘নানাস মাদুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এছাড়া এতে থাকা ব্রোমেলিন হজম ক্ষমতা বাড়ায়। এখানেই শেষ নয়। ক্যালোরি কম এবং ফাইবার বেশি হওয়ায় এই ফল খেলে দীর্ঘক্ষণ পেট ভরতি থাকে ও ওজন কমায়।’
শুধু আনারস নয়, কলকাতায় সংক্ষিপ্ত সফরে ব্রাজিল দলের ফুটবলারার চুটিয়ে ফ্রুট স্যালাড, টুনা ও স্যামন মাছ, চিকেন, বিফ এবং পর্ক খেয়েছেন। প্রাতরাশের পর ড্রাই ফ্রুটসও ছিল মার্কুইনহোসদের প্লেটে। লাঞ্চের আগে কফিও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা।