Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্থানান্তর নয়, বামনগাছিতে পুলিশ ফাঁড়ির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীর

বামনগাছিতে পুলিশ ফাঁড়ি সরানোর প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ। নিরাপত্তার জন্য ফাঁড়ি এখানে রাখতে হবে, দাবি স্থানীয়দের। বিস্তারিত পড়ুন।

স্থানান্তর নয়, বামনগাছিতে পুলিশ ফাঁড়ির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীর
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিশ ফাঁড়ি অন্যত্র সরানোর উদ্যোগকে ঘিরে গুঞ্জন। তার জেরেই উত্তপ্ত হল দত্তপুকুর থানার বামনগাছি এলাকা। বৃহস্পতিবার সকালে ফাঁড়ি সরানোর প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা। বামনগাছি স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশ ফাঁড়ির সামনেও অবস্থান-বিক্ষোভে শামিল হন বহু মহিলা। ফাঁড়ি অন্যত্র সরানোর উদ্যোগ অবিলম্বে বন্ধ করার দাবি তোলেন তাঁরা। 

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই পুলিশ ফাঁড়ি এলাকার নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফাঁড়ি চালু হওয়ার পর চুরি, ছিনতাই, দুষ্কৃতীদের আনাগোনা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই ফাঁড়ি সরানো হবে, এই গুঞ্জন ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁরা বলেন, ফাঁড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সমাজবিরোধীরা ফের সক্রিয় হয়ে উঠতে পারে।
স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল বলেন, এই ফাঁড়ি তৈরি হওয়ার পর এলাকায় পুলিশের নজরদারি অনেক বেড়েছে। আগে যে সব অপরাধ হত, তা এখন অনেকটাই কমেছে। তাই কোনোভাবেই এই ফাঁড়ি সরানো মেনে নেব না। আর এক বাসিন্দা মালা বিশ্বাস বলেন, মহিলা ও প্রবীণদের নিরাপত্তার কথা ভেবেই এখানে পুলিশ ফাঁড়ি রাখা উচিত। আমরা চাই, প্রশাসন দ্রুত বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানাক। মানুষের স্বার্থে ফাঁড়ি এখানেই রাখতে হবে। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ স্টেশন রোডে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পুলিশের কর্তারা। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, ফাঁড়ি সরানোর সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ