সালটা ৮৪৫। দুর্ধর্ষ ভাইকিং বাহিনী ১২০টি রণতরী আর পাঁচ হাজারেরও বেশি যোদ্ধা নিয়ে সেইন নদী বেয়ে আসে ফ্রাঙ্কিয়ার দিকে। নেতৃত্বে সেনাপতি রেগিনহেরুস — ইতিহাস যাঁকে কিংবদন্তি রাগনার লোডব্রকের সাথে তুলনা করে। ফ্র্যাংক রাজা চার্লস দ্য বোল্ড তাদের প্রতিহত করতে সেনা জড়ো করেন। কিন্তু ভাইকিংদের সামনে টিকতে পারেনি। ইস্টার সানডেতে ভাইকিংরা প্যারিসে ঢুকে পড়েন। শহরে চালায় বেপরোয়া লুঠতরাজ। শেষমেশ রাজা চার্লস ২৫৭০ কেজি সোনা-রুপো মুক্তিপণ দিয়ে তাদের ফেরত পাঠান। সেই যুদ্ধ ইতিহাসের পাতায় লেখা আছে ‘সিজ অব প্যারিস’ নামে। সেদিনের ভাইকিংদের নিবাস আজকের নরওয়ে। আর ফ্রাঙ্কিয়া একালের ফ্রান্স। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে যুদ্ধের ক্ষেত্র। ঢাল-তরোয়ালের বদলে অস্ত্র এবার ফুটবল। বল পায়ে সবুজ গালিচায় ৯০ মিনিটের লড়াই। শুক্রবার চলতি বিশ্বকাপের মঞ্চে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ আই’তে দুই দেশের সংগ্রহ ৬ পয়েন্ট। নক আউট নিশ্চিত তাদের। তবে গোল ব্যবধানে শীর্ষে ফ্রান্স। শেষ ম্যাচে যে জিতবে সে গ্রুপ টপার হয়ে পরের পর্বে খেলার ছাড়পত্র পাবে।
২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২-এর রানার্স ফ্রান্স। এবারও প্রথম ২ ম্যাচে ৬বার জাল কাঁপিয়েছেন কিলিয়ান এমবাপেরা। তাই দিদিয়ের দেশঁ বাহিনীর উপর সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। দুরন্ত ছন্দে থাকা তারকা স্ট্রাইকার কিলিয়ান বাড়তি ভরসা জোগাচ্ছেন ফরাসি আক্রমণকে। বিশ্বকাপ মঞ্চে ইতিমধ্যেই ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোজের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন তিনি। সামনে শুধু লায়োনেল মেসি (১৮)। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডাগ-আউটে কোচ দেশঁর অনুপস্থিতি চিন্তার কারণ নীল জার্সিধারীদের কাছে। মাতৃবিয়োগের খবর পেয়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। অভিজ্ঞ কোচের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারী গাই স্টেফান। ফলে দলে বিরাট পরিবর্তনের সম্ভাবনা কম। তবে পুরানো পিঠের ব্যথার নিয়ে খেলা সালিবাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রক্ষণ সামলাতে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কোনাতে। ইরাকের বিরুদ্ধে চৌমেনির বদলে খেলা মানু কোনে এই ম্যাচেও শুরু করতে পারেন।
পক্ষান্তরে, টানা দু’টি ম্যাচে জয় পেয়ে নরওয়েও দুরন্ত ফর্মে। ভাইকিংদের আক্রমণে প্রধান স্তম্ভ অবশ্যই আর্লিং হালান্ড। ইতিমধ্যেই ২ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৪। ফ্রান্সকে মাত দিতে ম্যান সিটির এই গোলমেশিনের দিকেই তাকিয়ে নরওয়ে কোচ সলবাক্কেন। তবে সেনেগালের বিরুদ্ধে চোট পাওয়া রাইট উইংব্যাক জুলিয়ান রিয়েরসন এই ম্যাচে অনিশ্চিত। সবমিলিয়ে শুক্রবার সেয়ানে সেয়ানে টক্কর হবে।